‘বিহার মিউজিয়াম’-এর মুকুটে সেরার শিরোপা, ‘মন কি বাত’-এ প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : বিশ্বের সেরা ১০০টি জাদুঘরের তালিকায় নবম স্থান অর্জন করেছে পাটনার ‘বিহার মিউজিয়াম’ এবং এই তালিকায় সমগ্র এশিয়ার মধ্যে এটি প্রথম স্থানে রয়েছে বলে গর্ব প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই বিশ্বমানের স্বীকৃতির কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্যারিসের ল্যুভর মিউজিয়াম কিংবা নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত ‘দ্য মেট’ মিউজিয়ামের নাম সকলেই শুনেছেন, কিন্তু এই আন্তর্জাতিক তালিকায় বিহার মিউজিয়াম ওই দুটি বিখ্যাত জাদুঘরেরও আগে জায়গা করে নিয়েছে।

এদিনের অনুষ্ঠানে গুজরাটের ভাদনগরে অবস্থিত একটি অনন্য জাদুঘরের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ‘অনন্ত অনাদি ভাদনগর আর্কিওলজিক্যাল মিউজিয়াম’ নামে ওই জাদুঘরটি ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাদনগরে প্রত্নতাত্ত্বিক খননকার্যের সময় ইতিহাসের বিভিন্ন যুগের অসংখ্য নিদর্শন আবিষ্কৃত হয়েছে। ঠিক যে স্থানে এই খননকার্য চালানো হয়েছিল, সেই জায়গাতেই জাদুঘরটি গড়ে তোলা হয়েছে। দর্শকদের জন্য এখানে একটি বিশেষ পথ তৈরি করা হয়েছে, যেখান থেকে মাটির কয়েক মিটার নিচে হওয়া সেই প্রাচীন খননকার্য সরাসরি দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *