শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে, কিন্তু পরের ম্যাচগুলিতে নিজেদের শক্তি বুঝিয়ে দিতে শুরু করেছে বাংলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট পর্বে মিজোরামের বিরুদ্ধে ৯৩ রানের বড় জয় তুলে নিয়ে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও মজবুত করল দল। ব্যাট হাতে বড় রান তোলার পর বল হাতেও প্রতিপক্ষকে দাঁড়াতে দিলেন না বাংলার ক্রিকেটারেরা। বিশেষ করে করণ লাল ও ঋষভ চৌধুরীর অলরাউন্ড পারফরম্যান্স নজর কেড়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে বাংলা। দলের হয়ে দুরন্ত ব্যাটিং করেন করণ লাল। ৪১ বলে ৬৭ রান করেন তিনি। অন্যদিকে অভিষেক পোড়েল ৩০ বলে ৫২ রান করে বড় রানের ভিত গড়ে দেন। শেষ দিকে শাকির হাবিব গান্ধী ২৯ বলে অপরাজিত ৪০ এবং ঋষভ চৌধুরী ২০ বলে অপরাজিত ৩৫ রান করে বাংলাকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে কার্যত অসহায় দেখায় মিজোরামকে। ১৮.২ ওভারে মাত্র ১০৩ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। একমাত্র চিন্ময় সুতার ৪৩ বলে ৬১ রান করে কিছুটা লড়াই করেন। কিন্তু বাকিরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
বল হাতে সবচেয়ে সফল ঋষভ চৌধুরী। ২১ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। করণ লাল ১৪ রান দিয়ে তিন উইকেট পান। মহম্মদ শামি ও মুকেশ কুমারও একটি করে উইকেট নেন।
প্রথম ম্যাচে কর্ণাটকের কাছে হারলেও পরের ম্যাচে চণ্ডীগড়কে ৮৫ রানে এবং ঝাড়খণ্ডকে সাত উইকেটে হারিয়েছিল বাংলা। মিজোরামের বিরুদ্ধে এই বড় জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখাই বাংলার প্রধান লক্ষ্য।

