ফের বিপাকে আজম খান, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

গাজিয়াবাদ (উত্তর প্রদেশ) : আর্থিক তছরুপ সংক্রান্ত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট মামলায় বাড়ল সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খানের আইনি সংকট। রবিবার তাঁকে গাজিয়াবাদের বিশেষ পিএমএলএ আদালতে হাজির করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুনানি শেষে আদালতের বিচারক তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) পাঠানোর নির্দেশ দেন।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অর্থ পাচার ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশকাচের তলায় রয়েছেন সপা-র এই প্রভাবশালী নেতা। এদিন সকালে কড়া কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে আজম খানকে উত্তর প্রদেশের গাজিয়াবাদে নিয়ে আসেন ইডি আধিকারিকরা এবং সরাসরি বিশেষ পিএমএলএ আদালতের বিচারকের এজলাসে তোলা হয়।

আদালতে দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক তাঁকে আগামী ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই মেয়াদ চলাকালীন প্রয়োজন অনুসারে তদন্তের গতিপ্রকৃতি বজায় রাখতে কেন্দ্রীয় গোয়েন্দারা আইনি নিয়ম মেনেই পদক্ষেপ করবেন বলে জানা গিয়েছে। একের পর এক আইনি জটিলতায় আজম খানের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় সমাজবাদী পার্টির রাজনৈতিক মহলে অস্বস্তি আরও বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eighteen =