অসুস্থ বিধানসভার স্পিকার, ভর্তি করানো হয়েছে বেসরকারি হাসপাতালে

কলকাতা : আচমকা অসুস্থ রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। শুক্রবার রাতে আচমকা বুকে ব্যথা হওয়ায় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার গান্ধীজয়ন্তী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন কর্মসূচিতে যোগ দেন রথীন্দ্রবাবু। এছাড়াও একাধিক কর্মসূচি ছিল তাঁর। অনুষ্ঠানের পর রাতে বাড়ি ফেরেন। আচমকা বুকে ব্যথা অনুভব হয় তাঁর।

তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে নিয়ে সেখানে ভর্তি করা হয়। দ্রুত শুরু হয় চিকিৎসা। নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রথীন্দ্রবাবু।

দীর্ঘদিন ধরেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে যোগ দেন সক্রিয় রাজনীতিতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়েন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি। সর্বসম্মতিক্রমে তাঁকেই বিধানসভার স্পিকার হিসাবে বেছে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =