মেসি-বিতর্কে পুলিশি তলবে ১৪ দিনের সময় চাইলেন অরূপ বিশ্বাস

কলকাতা : বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা এড়াতে অসুস্থতার কারণ দেখিয়ে ২ সপ্তাহের সময় চাইলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দরজায়।

ওই ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে তাঁকে তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ৫ জুন, শুক্রবার তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও, শেষ পাওয়া তথ্য অনুযায়ী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াতে চাইছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস।

বিধাননগর পুলিশকে একটি চিঠি পাঠিয়ে এবং মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তিনি আরও ১৪ দিনের সময় চেয়ে নিয়েছেন।

গতবছর ডিসেম্বরে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির খেলাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ও চরম অব্যবস্থা তৈরি হয়েছিল৷ প্রায় ৩৫ হাজার ফুটবলপ্রেমী তাঁদের প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য মোট ১৯ কোটি টাকার টিকিট কেটে মাঠে উপস্থিত হয়েছিলেন। কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে বহু সাধারণ দর্শক মাঠে ঢুকেও মেসিকে চোখের দেখা দেখতে পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =