মেসি কাণ্ডে হাই কোর্টে অরূপ বিশ্বাস পেলেন না রক্ষাকবচ

কলকাতা : মেসি কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। মঙ্গলবার মামলার শুনানির আর্জি জানানো হয়। তবে তাঁর আবেদনে মান্যতা দিল না কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না বলেই পর্যবেক্ষণ তাঁর। প্রাক্তন মন্ত্রীকে আদালতের পরামর্শ, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন।

প্রথমবার তলব এড়ানোর সময় অরূপবাবু জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু তাঁকে সেই সময়টা দিতে নারাজ পুলিশ। সোমবার ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দু’টি নোটিস সাঁটিয়ে দিয়ে আসে পুলিশ। তাতে সাফ বলা হয়, প্রাক্তন মন্ত্রী যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে চাইছেন না, সেই শারীরিক অসুস্থতার কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। কোনও মেডিক্যাল রিপোর্ট তিনি জমা দেননি। তাই সোমবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতেই হবে।

তবে ওই সময় পর্যন্ত সশরীরে হাজিরা দেননি অরূপ। আইনজীবী মারফতও থানায় কিছু জানাননি। এবার পুলিশের পরবর্তী পদক্ষেপ কি গ্রেফতারি, উঠছে সেই প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =