কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে আইনি লড়াইয়ের পথে হাঁটছে তৃণমূল। ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হতে পারে, সেই আশঙ্কার কথা জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দলের আশঙ্কা, ভোটের আগে কোনও রকম কারণ না দেখিয়েই ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হতে পারে। তা আটকাতেই হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়ে আদালতে শাসকদল। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, তৃণমূলের হয়ে হাই কোর্টে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী ও তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কমিশনের নজরে থাকা এই কর্মীদের গ্রেফতার করা হলে নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
শাসকদলের বক্তব্য, বেছে বেছে তাদের দলের গুরুত্বপূর্ণ কর্মীদের টার্গেট করা হচ্ছে যাতে ভোট পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার ঠিক আগে শাসকদলের আদালতে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

