দিল্লিতে ফের গণধর্ষণ! গুলির লড়াইয়ের পর পাকড়াও এক অভিযুক্ত

নয়াদিল্লি : ফের গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এ বার পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর উপরে নির্যাতন চালাল তিন অভিযুক্ত। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন এক পার্কে। ঘটনায় জড়িতদের খোঁজে রাতেই অভিযানে নামে পুলিশ। তল্লাশির সময়ে মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইও হয় পুলিশের। শেষে তাঁকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিট নাগাদ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। অভিযোগকারী ১৭ বছরের কিশোরী জানায়, সে তার সমবয়সী এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে এসেছিল। সন্ধে ৭টা নাগাদ মন্দির দর্শন শেষ করে তারা দু’জন কাছের আস্থা কুঞ্জ পার্কে যায়। নির্যাতিতার বয়ান অনুযায়ী, সন্ধে সাড়ে সাতটা নাগাদ আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী তিন ব্যক্তি তাদের কাছে আসে। তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয় এবং কিশোর-কিশোরী জুটিকে নানাভাবে হুমকি দিতে শুরু করে। এরপর অভিযুক্তদের একজন ওই কিশোরীর বন্ধুকে জোরপূর্বক আটকে রাখে এবং বাকিরা-সহ তিনজনই একে একে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের দল। নির্যাতিতাকে দ্রুত উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতার করতে পার্ক ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি শুরু করে পুলিশ। নাবালিকা হওয়ায় পকসো আইন ও গণধর্ষণের ধারায় মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =