দুর্গাপুর : দুর্গাপুরের একটি হোটেলে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে গলসির পুরষা গ্রামের বাসিন্দা রাজ মল্লিককে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ওষুধ মেশানো মদ্যপান করানো হয়। এরপর দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁর উপর গণধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
অভিযোগ, অত্যধিক রক্তক্ষরণের কারণে পরে নির্যাতিতাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এক টোটোচালক অসহায় অবস্থায় ওই নাবালিকাকে দেখতে পেয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেন। এরপর পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনার তদন্তে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ হোটেলের ঘর থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দলের সাহায্য নেয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সিমরন তামাং, আজহারউদ্দিন মল্লিক, সুবীর দাস এবং হোটেলের ম্যানেজার রাজকুমার দে-কে গ্রেফতার করা হয়।
শনিবার রাতে রাজ মল্লিককে গ্রেফতারের পর রবিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানার চেষ্টা চলছে। তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

