অন্নপূর্ণা যোজনা আত্মবিশ্বাস বাড়িয়েছে মেয়েদের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : মা, বোন এবং কন্যাসন্তানদের জীবনচক্রের প্রতিটি ধাপের সমস্যার সমাধান করাই বিজেপি সরকারের প্রধান অগ্রাধিকার—‘অন্নপূর্ণা দিবস’-এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারীর পুষ্টি, শিক্ষা, সুরক্ষা থেকে শুরু করে স্বনির্ভরতা পর্যন্ত কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরার পাশাপাশি বাংলায় ‘অন্নপূর্ণা যোজনা’র অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনা আত্মবিশ্বাস বাড়িয়েছে মেয়েদের।

প্রধানমন্ত্রী আরও জানান, গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক পুষ্টি নিশ্চিত করতে ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’ চালু করা হয়েছে, যেখানে সরাসরি মায়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠানো হয়। এছাড়া ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচি নেওয়া হয়েছে। কন্যাদের স্কুলছুট হওয়ার পেছনে শৌচাগারের অভাব একটি বড় কারণ ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যা মেটাতে দেশে কোটি কোটি শৌচাগার নির্মাণ করা হয়েছে।

পাশাপাশি কন্যাসন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’য় সুদ দেওয়া এবং সৈনিক স্কুলে মেয়েদের ভর্তির দ্বার উন্মুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি। মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়িয়ে কাজ শুরু করতে পারেন, সে জন্য মুদ্রা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করার কাজ শুরু হয়। বিপুল সংখ্যক মহিলা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা পাচ্ছেন। গোটা প্রক্রিয়ায় কোনও মধ্যস্বত্বভোগী বা ‘কাটমানি’র জায়গা নেই বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, রাজ্যের একজনও যোগ্য মহিলা যাতে ‘অন্নপূর্ণা যোজনা’ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =