ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে আলোচনার পথে হাঁটার আবেদন আন্না হাজারের

আহমেদনগর : দিল্লিতে চলা ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটার আবেদন জানালেন সমাজকর্মী আন্না হাজারে। তাঁর বক্তব্য, গণতন্ত্রে মানুষের কণ্ঠরোধ না করে তাঁদের সঙ্গে আলোচনা করা উচিত। জবাবদিহি নিশ্চিত করাই সুশাসনের পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।

মহারাষ্ট্রের আহমেদনগরে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রদের সমর্থনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু’ঘণ্টার নীরব আন্দোলন করেন আন্না হাজারে। এরপর তিনি নিজের গ্রাম রালেগণ সিদ্ধির উদ্দেশে রওনা হন।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে দিল্লিতে ছাত্র আন্দোলনের সময় হিংসা এবং পুলিশের কথিত পদক্ষেপকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। আন্না হাজারে বলেন, গণতন্ত্রে সংঘাত নয়, বরং আলোচনাই সবচেয়ে কার্যকর সমাধানের পথ।

চিঠিতে তিনি লেখেন, কোনও মন্ত্রীর জবাবদিহি নির্ধারণ করে তাঁর পদত্যাগ নেওয়া হলে তাতে সরকার দুর্বল হয় না। বরং এর মাধ্যমে গোটা মন্ত্রিসভার কাছে দায়িত্বশীলতার স্পষ্ট বার্তা যায় এবং প্রশাসনিক ব্যবস্থা আরও জবাবদিহিমূলক হয়ে ওঠে।

আন্না হাজারে বলেন, দেশের লক্ষ লক্ষ যুবক-যুবতী প্রশ্নফাঁস, নিয়োগ পরীক্ষায় বিলম্ব এবং ক্রমবর্ধমান বেকারত্বের মতো সমস্যায় জর্জরিত। এই বিষয়গুলিকে শুধুমাত্র আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে না দেখে সাধারণ মানুষের প্রকৃত উদ্বেগ হিসেবে দেখা উচিত।

তিনি বলেন, কোনও অনিয়ম বা দুর্নীতির ঘটনা সামনে এলেই প্রায়শই নিচুতলার আধিকারিকদের উপর দায় চাপানো হয়। অথচ প্রকৃত জবাবদিহি থাকা উচিত উচ্চপদে থাকা ব্যক্তিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =