নিজস্ব প্রতিবেদন: ব্রাজিলের বিরুদ্ধে বড় ম্যাচ ভারতের। বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তা ও ভারতীয় সমর্থকদের উন্মাদনার মাঝে শহরে পা রেখেছে ব্রাজিল দল। ভিনিয়াস জুনিয়ররা অভিভূত কলকাতা থেকে এত সমর্থন পেয়ে। এই বড় ম্যাচের জন্য প্রস্তুতি তুঙ্গে খালিদ জামিলের নেতৃত্বে ভারতীয় দল। এদিন শহরের এক পাঁচতারা হোটেলে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ খালিদ জামিল ও ডিফেন্ডার আনোয়ার আলি।
ভারতের হেড কোচ খালিদের বার্তা, সমস্ত খেলোয়াড়দের নিজেদের ১০০% দিতে হবে। তিনি বলেন, “আমরা ব্রাজিলের বিরুদ্ধে খেলছি, ওরা খুব ভালো দল। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, সবাইকে ভারতকে সমর্থন করতে হবে। এখন শুধু ব্রাজিল নিয়েই ভাবছি, ইতিবাচক চিন্তা করছি, মাঠে আমাদের সেরাটা দিতে হবে। চাপ অবশ্যই আছে। সবাই এই ম্যাচের গুরুত্ব জানে। এটি অন্যতম সেরা একটি ম্যাচ হতে চলেছে। আমাদের পারফর্ম করতেই হবে। নিজের সেরাটা দিতে পারলে যে কোনও কিছুই ঘটতে পারে। পরিস্থিতি অনুযায়ী আমাদের খেলতে হবে।”
ডিফেন্ডার আনোয়ার আলির কথা বলেন, “গত ম্যাচে আমরা খুব ভালো খেলেছি, তবে এই ম্যাচটি আমাদের জন্য অনেক বড় ম্যাচ। মনোযোগ ঠিক রেখে সবাইকে নিজের ১০০% দিতে হবে। ব্রাজিল ও পানামার কৌশল সম্পূর্ণ আলাদা। দুটি ভিন্ন ম্যাচ, তাই আমরা কোচের পরিকল্পনার ওপর নির্ভর করব।”
ব্রাজিল অধিনায়ক মার্কুইনোস অভিভূত কলকাতার থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে। তিনি বলেন, “ভারতীয় জাতীয় দলের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি।ভারতের মতো একটি দেশে আসতে পারাটা দারুণ সুযোগ। ভারতীয় খেলোয়াড়দের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দলের জন্য ভালো পারফর্ম করার এটি একটি বড় অনুপ্রেরণা। বিশ্বকাপ শেষ হওয়ার পর আমাদের জন্য এটি অত্যন্ত বড় একটি মোটিভেশন। এখানে আমাদের সবচেয়ে বড় ফ্যানবেস (সমর্থক গোষ্ঠী) রয়েছে।
কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, “পানামার বিরুদ্ধে ওদের (ভারতের) ম্যাচ দেখে মনে হলো ওরা যথেষ্ট ভালো দল। অবশ্যই শ্রদ্ধা করছি, ওদের খেলার মানও ভালো। চাপ ভুলে খেলোয়াড়দের খেলাটা উপভোগ করাটাই সবচেয়ে বেশি জরুরি।”

