নয়াদিল্লি : পঞ্জাবে মাদক কারবার, গ্যাংয়ের দৌরাত্ম্য এবং সংগঠিত অপরাধের ক্রমবর্ধমান বিপদ নিয়ে শুক্রবার ভগবন্ত মান সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে অমিত শাহ বলেন, পঞ্জাব বর্তমানে মাদক, গ্যাংয়ের দৌরাত্ম্য এবং সংগঠিত অপরাধের ক্রমবর্ধমান বিপদের মুখে পড়েছে। মান সরকারের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল, পঞ্জাবের মানুষের নিরাপত্তার দায়িত্ব শেষ পর্যন্ত কে পালন করবে?
দিরবায় এক বাবার চাপের মুখে বিষ খাওয়ার ঘটনা এবং মানসায় মাদকের বিরুদ্ধে সরব হওয়া পরবিন্দর সিং ঝোটার প্রকাশ্য দিবালোকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনাগুলি পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তাঁর দাবি, পরবিন্দরের বাবা আম আদমি পার্টি (এএপি) সরকার এবং দলের এক বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এই দুই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও পঞ্জাব সরকারের কাছে জবাব চাইবে বলে জানান তিনি।
অমিত শাহ বলেন, রাজ্যে মাদক কারবার ক্রমশ ছড়িয়ে পড়ছে, সংগঠিত অপরাধের বিপদ বাড়ছে এবং মাদকের বিরুদ্ধে সরব হওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিশানা করে তিনি বলেন, পঞ্জাবের মানুষ প্রচার নয়, জবাব চান; শুধু ঘোষণা নয়, ফলাফল চান। মাদক কারবারের নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ এবং অপরাধীরা কোনও রাজনৈতিক মদত পাচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানান তিনি।
পঞ্জাবে বিজেপি সরকার গঠিত হলে রাজ্যকে মাদকমুক্ত, গ্যাংস্টারমুক্ত ও নিরাপদ করে তোলার সংকল্পও পুনর্ব্যক্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা, যুবসমাজের ভবিষ্যৎ রক্ষা করা, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাঁদের দলের লক্ষ্য। এমন একটি পরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে কোনও নাগরিককে ভয়ের মধ্যে জীবন কাটাতে হবে না।

