খারাপ আবহাওয়ার জেরে স্থগিত জম্মু থেকে অমরনাথ যাত্রা

জম্মু : খারাপ আবহাওয়ার জেরে শনিবার জম্মু থেকে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হল। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক এবং অমরনাথ যাত্রাপথে বৃষ্টি, ধস ও পাথর পড়ার আশঙ্কা থাকায় তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, রামবন জেলা এবং কাশ্মীরের কয়েকটি এলাকায় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে নতুন করে কোনও তীর্থযাত্রী দলকে অমরনাথের উদ্দেশে রওনা হতে দেওয়া হয়নি। আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির দিকে নজর রেখে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, অমরনাথের পবিত্র গুহায় দর্শন সেরে বালতাল বেস ক্যাম্পে থাকা ১,২০২ জন তীর্থযাত্রীকে ৪৪টি গাড়িতে করে জম্মুর দিকে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৮৬৭ জন পুরুষ, ২৫১ জন মহিলা, এক শিশু, ৭৯ জন সাধু এবং চার জন সাধ্বী রয়েছেন।

জম্মু থেকে ফের নতুন করে তীর্থযাত্রীদের যাত্রার অনুমতি দেওয়ার আগে আবহাওয়া এবং সড়ক পরিস্থিতির উপর প্রশাসন লাগাতার নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =