হুগলি : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অর্থপ্রদানে অনিয়মের অভিযোগ তুলে রিষড়া ও শ্রীরামপুর পুরসভার ভূমিকা নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে তিনি অভিযোগ করেন, দুই পুরসভা এলাকার বহু মহিলা এখনও প্রকল্পের আর্থিক সহায়তা পাননি এবং এর দায় সংশ্লিষ্ট পুর প্রশাসনকেই নিতে হবে।
মন্ত্রী জানান, তাঁর কাছে খবর এসেছে যে রিষড়া ও শ্রীরামপুর পুরসভা এলাকার বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা জমা পড়েনি। তাঁর অভিযোগ, আবেদন গ্রহণের ক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে গাফিলতি হয়েছে। এমনকি আবেদনকারীদের কোনও রসিদও দেওয়া হয়নি। ফলে জমা পড়া আবেদনপত্রগুলির কী হয়েছে, তার সম্পূর্ণ দায় পুরসভা এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানকেই নিতে হবে।
ভাস্কর ভট্টাচার্য বলেন, “পুরসভা যদি এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সবরকমভাবে উপভোক্তা মহিলাদের তাঁদের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব। এটি রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প। তাই এর বাস্তবায়নের দায়িত্বও সংশ্লিষ্ট পুর প্রশাসনকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, আগে সাধারণ মানুষ নানা কারণে নিজেদের সমস্যার কথা প্রকাশ্যে বলতে পারতেন না। এখন মানুষ নির্ভয়ে তাঁদের অভিযোগ জানাচ্ছেন। কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে রাজ্য সরকার কোনওভাবেই তা বরদাস্ত করবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রিষড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশে অভিযোগের প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তিনি বলেন, “পুলিশ যদি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবব। তবে যা কিছু করা হবে, তা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই করা হবে।”
মন্ত্রীর এই মন্তব্যের পর রিষড়া ও শ্রীরামপুর পুরসভা এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বাস্তবায়ন এবং পুর প্রশাসনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

