শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পোস্টার বিতর্কের পরই সস্ত্রীক প্রচারে অণ্ডালে

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: মঙ্গলবার অণ্ডাল গ্রাম পঞ্চায়েত এলাকায় আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নামে পড়েছিল নিখোঁজ সাংসদ লেখা পোস্টার। অণ্ডাল গ্রাম বিজেপি লেখা এই পোস্টার নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। পোস্টার পড়ার একদিন পরেই এদিন বৃহস্পতিবার ভোট প্রচারে অণ্ডাল গ্রামে আসেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
এদিন বিকেল চারটে পনেরো নাগাদ দিল্লি থেকে সরাসরি বিমানে অণ্ডাল আসেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ পত্নী পুনম সিনহাও। এয়ারপোর্টে প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দুবচুরিয়া বাস স্ট্যান্ড থেকে হুডখোলা গাড়িতে চড়ে সস্ত্রীক প্রার্থী রোড শোতে অংশ নেন। দুবচুরিয়া, অণ্ডাল গ্রাম, অণ্ডাল মোড় হয়ে রোড শো এগিয়ে যায় শ্রীরামপুর গ্রাম পর্যন্ত। রোড শোয়ে প্রার্থীর সঙ্গে হাঁটেন কয়েক হাজার কর্মী সমর্থক। রোড শোর পথে বিভিন্ন জায়গায় ফুলের মালা, উত্তরীয় পরিয়ে প্রার্থীকে স্বাগত জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *