ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাসের সেরাদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। আল-নাসরের হয়ে খেলা এই ফুটবলার এবার টেলিভিশন নাটকের জগতে পা রাখছেন।
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত নতুন নাট্যধর্মী সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু প্রযোজক হিসেবেই নয়, ক্যামেরার সামনেও বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই প্রকল্পে তাঁর সঙ্গী হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি।
৪১ বছর বয়সেও মাঠে সমানভাবে সক্রিয় রোনাল্ডো ফুটবলের বাইরেও নিজের পরিধি ক্রমশ বাড়িয়ে চলেছেন। নতুন এই উদ্যোগ নিয়ে তিনি বলেছেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’
সিরিজটি নির্মাণে রোনাল্ডোর সঙ্গে রয়েছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন। ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে পরিচিত ভন। চলতি বছর দুজনে মিলে প্রতিষ্ঠা করেছেন ইউআর-মার্ভ স্টুডিওস। তাঁদের লক্ষ্য প্রচলিত চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণের ধারা বদলে নতুন ধরনের গল্প দর্শকদের সামনে তুলে ধরা।
ম্যাথিউ ভন রোনাল্ডোকে নিয়ে বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনও লিখতে পারতাম না। এখন তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা ও টেলিভিশনের গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর তথ্য অনুযায়ী, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। জনপ্রিয় ফুটবলভিত্তিক কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’র মতো হালকা মেজাজের গল্প নয়, বরং ফুটবলের কঠিন বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা এবং পর্দার আড়ালের নানা দিক উঠে আসবে এই সিরিজে। ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির মাঠে শুটিং শুরু হয়েছে।
সিরিজটির আরেকটি বড় আকর্ষণ থিয়েরি অঁরির উপস্থিতি। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও অঁরির দ্বৈরথ ছিল সমর্থকদের অন্যতম আলোচনার বিষয়। বহু বছর পর এবার তাঁদের দেখা যাবে একই প্রকল্পে।
সিরিজটির মূল চরিত্র স্ট্যানলি ডালটন, একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ খ্যাত ডেমিয়ান লুইস। গল্পের মূল ধারণা ফুটবল এজেন্ট ড্যারেন ডিনের, যিনি থিয়েরি অঁরিরও এজেন্ট। এছাড়া সিরিজটিতে অভিনয় করবেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোত্তা বানাত। ইতিমধ্যেই সিরিজটির সম্প্রচারস্বত্ব নিয়ে বিভিন্ন বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস মিলছে।

