নিজস্ব প্রতিবেদন: মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। এবার তিনি ক্লাবের সচিব হিসেবে ওয়াসিম আক্রমের নাম ঘোষণা করলেন। নব নিযুক্ত ক্লাব সচিব জানান, এই মরশুমে আইএসএল খেলবে মহামেডান। ক্লাবের পক্ষ থেকে আইনী লড়াই লড়ে সমস্ত রকম চেষ্টা করা হবে। ওয়াসিম আক্রম জানান, আইলিগ চ্যাম্পিয়ন হওয়া দলের আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নাম না করে ডায়মন্ড হারবার এফসির কথা বলতে চেয়েছেন তিনি। এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারের পক্ষ থেকে সরকারি ঘোষণা আসেনি, তারা আইএসএল খেলবে কিনা।
এছাড়াও ক্লাবের কমিটিতে থাকবেন দুই আইনি পরামর্শদাতা। তারা হলেন, ফিরদৌস শামিম এবং মহম্মদ জাহিরুল ইসলাম থাকছেন। ১৯ জুলাইয়ের মধ্যে নতুন কমিটিও ঘোষণা করা হবে। ইতিমধ্যেই মহামেডানের পুরনো কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। সম্পূর্ণ নতুন কমিটি গঠন করা হবে। জানা গিয়েছে, পুর্বতন কমিটি থেকে আমিরুদ্দিন ববি ও বেলাল আহমেদ খান থাকতে পারেন নতুন কমিটিতে। নতুন কমিটি গঠনের সঙ্গেই পরামর্শদাতাদের কথা মেনে, ক্লাবের বাইরে রাখা থাকবে একটি ‘সাজেশন বক্স’ । সমর্থকরা যেখানে যে কোনও ধরনের পরামর্শ দিতে পারবে। কারোর বিষয়ে অভিযোগ থাকলেও তা জানাতে হবে সুশৃঙ্খলভাবে। ক্লাবের অফিসিয়াল ইমেল থাকবে, সেখানেও যোগাযোগ করা যেতে পারে। এদিকে আসন্ন কলকাতা লিগের জন্য সম্ভবত ২০ জুন থেকে অনুশীলন শুরু করছে মহামেডান। ক্লাবের মাঠে সংস্কারের কাজ চলছে বলে অনুশীলন শিবির হবে কল্যাণীতে।
মহামেডান সভাপতি হুমায়ুন কবীর বলেন, ‘আমরা দ্রুত জমে থাকা আর্থিক সমস্যার সমাধান করব। ময়দানের তিন বড় ক্লাবের মধ্যে মহামেডান পড়ে৷ আমাদের ক্লাবকেও মর্যাদা দিয়ে একই সারিতে রাখার চেষ্টা করব। যাতে যে কোনও টুর্নামেন্টে খেলতে পারি মর্যাদার সঙ্গে। কোনও কার্পণ্য করব না। ত্রুটি রাখব না। ক্লাবের আবেগের মর্যাদা দেব। সমর্থক, লাইফ মেম্বার, কার্যকরী কমিটির সদস্য, ফুটবলপ্রেমী দর্শক, সমস্ত স্তরের মানুষকে আমরা সম্মান দেব। যাতে কারোর সম্মানে আঘাত না হয়, সেদিকে নজর রাখা হবে। আমরা নতুন করে ক্লাবের অ্যাকাউন্ট খুলব। সমস্ত কাজ হবে স্বচ্ছতার সঙ্গে।”

