ক্রিকেটের পর এবার রেসিং ট্র্যাকে বাজিমাতের স্বপ্ন মহারাজের, বুদ্ধ সার্কিটে নামছে রয়্যাল টাইগার্স

দেশের মোটরস্পোর্টসের মঞ্চে নিজেদের জায়গা আরও শক্ত করতে মরিয়া কলকাতা রয়্যাল টাইগার্স। আগামী ২৮ ও ২৯ নভেম্বর ফের বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ফিরছে ইন্ডিয়ান রেসিং লিগ (আইআরএল) এবং এফ-ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। তার আগে আত্মবিশ্বাসে কিছুটা হলেও এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মালিকানাধীন কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি। আইআরএলে সাইশিভা শঙ্করনের দ্বিতীয় স্থান এবং এফ-ফোরে অ্যারন মেহতার ঐতিহাসিক জয়, দুই প্রতিযোগিতাতেই নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দলকে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই মূল লক্ষ্য।

এর আগে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে আইআরএলের দ্বিতীয় রাউন্ডে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ভারতীয় চালক সাইশিভা শঙ্করন। প্রথম রেসে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। গোয়া এসেস জে এ রেসিংয়ের রাউল হাইম্যানের পিছনে থেকে ২৭ মিনিট ৫৫.৮০৬ সেকেন্ডে রেস শেষ করেন সাইশিভা। শেষ পর্যন্ত জয় অধরা থাকলেও তাঁর এই পারফরম্যান্স কলকাতা রয়্যাল টাইগার্সের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। আগামী রাউন্ডে আরও ভালো ফলের আশায় রয়েছেন দলের বাকি চালকরাও। আইআরএলে কলকাতার হয়ে প্রতিনিধিত্ব করছেন কেওন ট্যান্ডন, জেম হেপওয়ার্থ এবং আদিত্য পাটনায়ক।

অন্যদিকে, এফ-ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে কলকাতার সবচেয়ে বড় প্রাপ্তি অ্যারন মেহতা। চেন্নাইয়ের মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে নজরকাড়া পারফরম্যান্স করেন এই তরুণ চালক। পোল পজিশন থেকে রেস শুরু করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন তিনি। স্পিড ডেমনস দিল্লির এনটিইসো মাবুন্ডার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ০.৫৪৬ সেকেন্ডের ব্যবধানে প্রথম হন অ্যারন।

এই জয়ের সঙ্গেই তৈরি হয়েছে নতুন ইতিহাস। মাত্র ১৫ বছর ৬ মাস ৬ দিন বয়সে এফ-ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেসজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই সাফল্যের সুবাদে ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন অ্যারন। একই প্রতিযোগিতায় দলের আর এক চালক স্বর্ণভ দাসও নজর কেড়েছেন। পিছন থেকে লড়াই শুরু করে চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

দলের পারফরম্যান্সে খুশি মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, কলকাতার ক্রীড়াসত্তা এবং প্রতিযোগিতামূলক মানসিকতার প্রতিফলন ঘটাচ্ছে রয়্যাল টাইগার্স। সাইশিভার পডিয়াম ফিনিশ এবং অ্যারনের ঐতিহাসিক জয় দলের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। বিশেষ করে এত কম বয়সে অ্যারনের সাফল্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সৌরভ। আগামী রাউন্ডে বুদ্ধ সার্কিটে আরও ধারাবাহিক পারফরম্যান্সের লক্ষ্যেই নামবে দল, জানিয়েছেন তিনি।

অন্যদিকে, নিজের প্রথম জয় নিয়ে উচ্ছ্বসিত অ্যারনও। তাঁর কথায়, রেসের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা সহজ ছিল না। প্রতিপক্ষের চাপ সামলে জয় ছিনিয়ে নেওয়াটা বিশেষ অভিজ্ঞতা। তবে এই সাফল্যে আত্মতুষ্ট হতে চান না তিনি। দলের সহযোগিতার কথা উল্লেখ করে পরবর্তী রাউন্ডেও একই আত্মবিশ্বাস নিয়ে নামতে চান তরুণ চালক।

এবারের সপ্তাহান্তে আইআরএলের তৃতীয় রাউন্ড এবং এফ-ফোরের পঞ্চম রাউন্ড অনুষ্ঠিত হবে। দুই প্রতিযোগিতাতেই নিজেদের অবস্থান মজবুত করার সুযোগ রয়েছে কলকাতার সামনে। আইআরএলে সাইশিভা, ট্যান্ডন, হেপওয়ার্থ ও পাটনায়ক এবং এফ-ফোরে অ্যারন ও স্বর্ণভের দিকে নজর থাকবে সমর্থকদের।

উল্লেখ্য, রেসিং প্রমোশনস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে ছ’টি শহরভিত্তিক দল অংশ নেয়। এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ইন্ডিয়ান রেসিং লিগ এবং এফআইএ স্বীকৃত এফ-ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। ডিসেম্বর মাসে নবি মুম্বই স্ট্রিট সার্কিটে মরশুমের ফাইনালের আগে বুদ্ধ সার্কিটের এই রাউন্ড তাই কলকাতা রয়্যাল টাইগার্সের কাছে নিজেদের শক্তি প্রমাণের বড় মঞ্চ। এবার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শেষ পর্বের লড়াইয়ে এগিয়ে যাওয়াই সৌরভের দলের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *