নকশালমুক্তির পর এবার লক্ষ্য মাদকমুক্ত ভারত : অমিত শাহ

নয়াদিল্লি : চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই দেশ নকশালবাদের কালো ছায়া থেকে কার্যত মুক্ত হয়েছে, আর এবার দেশকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই কেন্দ্রের প্রধান সংকল্প। জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত ‘রান ফর ইউনিটি’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতকে সম্পূর্ণ নেশামুক্ত করার সর্বভারতীয় লক্ষ্য ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১-তম জন্মবার্ষিকীতে দেশবাসীর উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পিত ‘বিকশিত ভারত’-এর মূল ভিত তৈরি হবে একটি ‘নেশামুক্ত ভারত’ গঠনের মধ্য দিয়েই। যুবসমাজকে রক্ষা করতে এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে মাদকবিরোধী লড়াইয়ে প্রতিটি নাগরিককে শামিল হওয়ার বার্তা দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ঐতিহাসিক সাফল্যগুলির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, এই মেয়াদে ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরকে ভারতের মূলস্রোতে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছে, নকশালবাদের অবসান ঘটানো সম্ভব হয়েছে এবং ‘এক দেশ, এক কর’ ব্যবস্থা সফলভাবে কার্যকর হয়েছে।

তবে এই সমস্ত যুগান্তকারী সাফল্যের মধ্যেও ২০২৯ সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাদকমুক্ত করার সংকল্পই দেশের যুবসমাজের স্বার্থে সবচেয়ে সুদূরপ্রসারী ও তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে চিহ্নিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =