জমি দুর্নীতি মামলায় অভিষেকের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়ের ৮ দিনের পুলিশি হেফাজত

মেদিনীপুর : শালবনী জমি দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়কে আট দিনের পুলিশি হেফাজতে পাঠাল মেদিনীপুর জেলা আদালত। শুক্রবার সিআইডির হেফাজতের আর্জি মঞ্জুর করেন বিচারক।

সূত্র মারফত জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিআইডির গাড়িতে সুমিত রায়কে মেদিনীপুর জেলা আদালতে নিয়ে আসা হয় এবং প্রথমে তাঁকে কোর্টের লকআপে রাখা হয়। দুপুরে আদালতে তোলা হলে সুমিতের আইনজীবী কোনো জামিনের আবেদন জানাননি।

সহকারী সরকারি আইনজীবী নাজিম হাবিব জানান, আদালত সুমিত রায়কে আট দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁকে পুনরায় আদালতে পেশ করা হবে। এছাড়া জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকবেন এমন আইনজীবীর নামও আদালতকে জানাতে হবে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুমিতের রক্ষাকবচ তুলে নিয়ে আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এর পরপরই সিআইডি তাঁকে কালীঘাটে অভিষেকের বাসভবন থেকে গ্রেফতার করে। তদন্তকারী সংস্থার অভিযোগ, সুমিত তদন্তে সহযোগিতা করছিলেন না এবং জিজ্ঞাসাবাদের সময় একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন।

গ্রেফতারির পর সুমিতকে প্রথমে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারির সময় কালীঘাটে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে কিছুটা ধস্তাধস্তিও হয়।

উল্লেখ্য, শালবনী জমি দুর্নীতি মামলায় এর আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার হয়েছেন। সিআইডির ১৪ পাতার চার্জশিটে সুজয় সহ চারজনের নাম থাকলেও সুমিতের নাম ছিল না। সিআইডি আদালতকে জানিয়েছে, সুমিতকে জিজ্ঞাসাবাদের পর এই মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =