ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তা ব্যাঙ্কের তরফে জানানো হয়নি বলে দাবি করেন অভিষেকের আইনজীবী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কী ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে? ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। মামলাটির দ্রুত শুনানি করা হোক, সে আর্জি জানান তিনি।

বিচারপতি রাও জানতে চান, কোনও তদন্ত কি চলছে? আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের কোনও সম্পর্ক নেই। বিচারপতি জানান, মামলার অন্য পক্ষকে নোটিস দেওয়া হোক। আগামী বুধবার মামলার শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nine =