জ্ঞানেশের পদত্যাগের দাবিতে এএপি-র বিক্ষোভ, কর্মীদের আটক করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে জোরদার প্রতিবাদে নামল আম আদমি পার্টি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইন্ডিয়া গেট অভিমুখে এক প্রতিবাদী মিছিলের ডাক দেয় এএপি নেতৃত্ব। তবে মিছিল কিছুদূর এগোতেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে প্রিভেন্টিভ কাস্টডিতে নেওয়া হয়।

রবিবার দলীয় কার্যালয়ের কাছ থেকে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ইন্ডিয়া গেটের দিকে এগোতে থাকেন আম আদমি পার্টির নেতা ও কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদের নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ এবং তিনি কেন্দ্রের শাসকদলের স্বার্থে কাজ করছেন। এই অভিযোগ তুলে তাঁর অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন এএপি কর্মীরা।

ইন্ডিয়া গেট চত্বর উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা হওয়ায় সেখানে জমায়েত রুখতে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী ও আধাসামরিক জওয়ান। মিছিলটি ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিকটবর্তী থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে মধ্য দিল্লির রাজপথ ও সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =