কলকাতা : দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির দাপট কমতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং পাল্লা দিয়ে বাড়বে পারদ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গত ৭২ ঘণ্টার লাগাতার ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছিল। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮.৭ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি নিচে। তবে আজ থেকে মেঘমুক্ত আকাশ ও শুষ্ক আবহাওয়ার কারণে গরম আবার ফিরবে।
আবহবিদদের মতে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছিল। এছাড়া ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত থাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। তবে শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
এদিন থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমলেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, যার ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে আবহাওয়া মোটের ওপর শুষ্ক হয়ে যাবে।
উত্তরবঙ্গে এদিনও ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং— এই তিন জেলায় বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি কমে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
চৈত্র শেষে কালবৈশাখীর স্বস্তি কাটিয়ে এবার তীব্র দাবদাহের ভ্রুকুটি দেখছে রাজ্যবাসী। সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশে পৌঁছে যাওয়ায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেও জানানো হয়েছে।

