হাওড়া বাসস্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত স্কাইওয়াক, ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত মিলতে পারে সংযোগ

হাওড়া : হাওড়া বাসস্ট্যান্ডকে মাল্টি-কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার রাজ্য সরকারের পরিকল্পনার মধ্যেই এবার বাসস্ট্যান্ডের সঙ্গে হাওড়া স্টেশনের সরাসরি সংযোগ তৈরির উদ্যোগের কথা জানাল পূর্ব রেল। প্রস্তাবিত মাল্টি-কমপ্লেক্স থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক অথবা ফুট ওভারব্রিজের মাধ্যমে সংযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

পূর্ব রেলের সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী বাসস্ট্যান্ডের উন্নয়ন হলে রেলের পক্ষ থেকে একটি ডিপিআর তৈরি করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সরাসরি সংযোগ ব্যবস্থার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্কাইওয়াকটি হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বাস থেকে নেমে যাত্রীরা স্কাইওয়াকে উঠে সরাসরি স্টেশনে প্রবেশ করতে পারবেন। ১ নম্বর থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাতায়াতও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাসস্ট্যান্ড থেকে স্টেশনে পৌঁছতে যাত্রীদের প্রচলিত পথ ব্যবহার করতে হয়। নতুন সংযোগ ব্যবস্থা তৈরি হলে বিশেষ করে দূরপাল্লার ও নিত্যযাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। তবে কবে থেকে কাজ শুরু বা পরিষেবা চালু হবে, তা এখনও নির্দিষ্ট নয়। ডিপিআর তৈরির পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =