ডার্বিকে ঘিরে বারাসাত স্টেডিয়ামে সুব্যবস্থার চিত্র

দীর্ঘ আট বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। ইতিমধ্যেই কলকাতা লিগের বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হয়েছে এই স্টেডিয়ামে। এবার চ্যালেঞ্জ বড় ম্যাচ। এই মাঠে প্রথমবার আয়োজিত হতে চলেছে ডার্বির। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ১৬ বছর পর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটে বসছে ফুটবলের আসর। সোমবারের ডার্বি  বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের কাছেও বড় দিন। সংস্কারের করে নতুন রূপ দেওয়া হয়েছে এই স্টেডিয়ামকে। মাঠ, ফ্লাডলাইট ও দর্শকদের প্রবেশের পরিকাঠামোও প্রস্তুত রয়েছে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে শনিবার স্টেডিয়ামে এসে প্রস্তুতি খতিয়ে দেখেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সঙ্গে ছিলেন বিধায়ক শংকর চট্টোপাধ্যায় ও পুলিশ আধিকারিকরা। সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত সুব্যবস্থা করার চেষ্টা করেছে আয়োজকরা। স্টেডিয়ামে ছাতা, জলের বোতল, হেলমেট ইত্যাদি নিয়ে প্রবেশের অনুমতি না থাকলেও বাইরে কিয়স্ক থাকবে, যেখানে প্রয়োজনীয় সামগ্রী জমা রেখে মাঠে খেলা দেখতে ঢুকতে পারবেন দর্শকরা। এছাড়া মাঠের বাইরে থাকছে ফুড স্টল ও প্রতিটি ব্লকে পানীয় জলের ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই দলের সমর্থকদের জন্য আলাদা ঢোকার গেট করা হয়েছে। এদিন আইএফএ সচিব অনির্বাণ বলেন, “গত বছর বারাসতে ডার্বি আয়োজনের চেষ্টা হয়েছিল। কিন্তু পরিকাঠামোগত কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এবার প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। আয়োজন সফল হলে ভবিষ্যতে এখানে আইএফএ শিল্ড করার পরিকল্পনাও রয়েছে।” অন্যদিকে, বিধায়ক শংকর চট্টোপাধ্যায়ের কথায়, “পুরসভা, প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগেই এত বড় ম্যাচ বারাসতে আনা সম্ভব হয়েছে। জেলা সদরের ক্রীড়াপ্রেমীদের কাছে এটা অত্যন্ত গর্বের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + three =