পুলকরঞ্জন চক্রবর্তী
গণিতের জগতের একটি জটিল ধাঁধা, যে ধাঁধার উত্তর খুঁজতে প্রায় সাত দশক ধরে হিমশিম খেয়েছেন বিশ্বের বড় বড় গণিতবিদরাও, সেই ধাঁধার রহস্যের কিনারায় পৌঁছে গেলেন কলকাতার নীনা গুপ্তা। আন্তর্জাতিক স্তরে আগেই নজির গড়েছিলেন কলকাতার এই কন্যা। এবার তাঁর মুকুটে যুক্ত হলো আরও একটি অনন্য আন্তর্জাতিক পালক। বিশ্বখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের প্রথমবারের মতো প্রকাশিত ‘ টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের
এই অধ্যাপক। ১৯ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় ‘স্বাস্থ্য ও বিজ্ঞান উদ্ভাবক’ (Health and Science Innovators) বিভাগে তাঁকে সম্মানিত করা হয়েছে। নীনা গুপ্তার এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত মেধা ও অধ্যবসায়ের জয় নয়, বরং বিশ্বদরবারে ভারতীয় মৌলিক বিজ্ঞান ও গণিত গবেষণার এক ঐতিহাসিক অর্জনও।
আমেরিকার বাইরে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক সংস্করণ হিসেবে ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’ তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। যে সমস্ত উদীয়মান নেতৃত্ব ও প্রতিভা তাঁদের কাজ, উদ্ভাবনী চিন্তা এবং দূরদর্শিতার মাধ্যমে ভারতের ভবিষ্যৎ গড়ে তুলছেন, তাঁদেরই এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। শিল্প, বিনোদন, ব্যবসা, প্রযুক্তি, ক্রীড়া, সমাজসেবা এবং বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচিত ১০০ জন ব্যক্তিত্বের মধ্যে গণিত গবেষণার প্রতিনিধি হিসেবে উজ্জ্বল উপস্থিতি নীনা গুপ্তার উপস্থিতি রয়েছে সেখানে। আগামী ডিসেম্বর মাসে মুম্বইয়ে আয়োজিত বিশেষ একটি অনুষ্ঠানে এই তালিকাভুক্ত কৃতীদের সংবর্ধিত করা হবে।
অধ্যাপক নীনা গুপ্তার গবেষণার মূল ক্ষেত্র হলো কমিউটেটিভ অ্যালজেব্রা (Commutative Algebra) এবং অ্যাফাইন অ্যালজেব্রিক জিওমেট্রি (Affine Algebraic Geometry) বা বীজগাণিতিক জ্যামিতি। ২০১৪ সালে তিনি ১৯৪৯ সালে প্রখ্যাত গণিতবিদ অস্কার জারিস্কির উত্থাপিত ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’ (Zariski Cancellation Problem)-এর একটি গুরুত্বপূর্ণ সংস্করণের সমাধান করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে এই সমস্যাটিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। ধরুন, আপনার কাছে দুটি জ্যামিতিক বা বীজগাণিতিক কাঠামো রয়েছে। এখন ওই দুটি কাঠামোর প্রতিটির সঙ্গেই যদি একটি করে অতিরিক্ত মাত্রা (Dimension) বা চলক (Variable) যুক্ত করা হয় এবং দেখা যায় যে নতুন তৈরি হওয়া কাঠামো দুটি দেখতে বা বৈশিষ্ট্যে হুবহু এক, তবে কি নিশ্চিতভাবে বলা যায় যে শুরুর মূল কাঠামো দুটিও একেবারে এক ছিল? সাধারণ যুক্তিতে মনে হতে পারে, সমান কিছুর সঙ্গে সমান কিছু যোগ করলে যেহেতু ফল এক হচ্ছে, তাই মূল বস্তু দুটিও নিশ্চয়ই এক ছিল। গণিতের ভাষায় একে ‘ক্যানসেলেশন’ বা বাতিলকরণ ধর্ম বলা হয়।
দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে বিশ্বের গণিতবিদরা এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। এক ও দুই মাত্রার (Dimension) ক্ষেত্রে এই ধারণাটি সত্য বলে প্রমাণিত হয়েছিল। কিন্তু তিন বা তার বেশি মাত্রার ক্ষেত্রেও কি এটি সত্য? নীনা গুপ্তা অসাধারণ গাণিতিক দক্ষতায় একটি ব্যতিক্রমী উদাহরণ বা ‘কাউন্টার-এক্সাম্পল’ (Counterexample) উপস্থাপন করে প্রমাণ করেন যে, ধনাত্মক বৈশিষ্ট্যযুক্ত ক্ষেত্রের (Positive Characteristic) ক্ষেত্রে তিন বা ততোধিক মাত্রায় এই ধারণাটি সবসময় সত্য নয়। অর্থাৎ, অতিরিক্ত মাত্রা যোগ করার পর দুটি কাঠামো অভিন্ন মনে হলেও, তাদের মূল কাঠামো ভিন্ন হতে পারে। তার এই যুগান্তকারী গবেষণাপত্রটি আন্তর্জাতিক গণিত মহলে আলোড়ন সৃষ্টি করে এবং তাকে বিশ্বের প্রথম সারির বীজগণিতবিদদের আসনে বসিয়ে দেয়।
১৯৮৪ সালের ২৪ নভেম্বর গুজরাতে জন্মগ্রহণ করেন নীনা গুপ্তা। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সেখানেই পড়াশুনা। পরে বাবার সঙ্গে চলে আসেন কলকাতায়। ডানলপের খালসা হাইস্কুলের প্রাক্তনী নীনা ছেলেবেলা থেকেই ছিলেন অঙ্কের পোকা।
তাঁর এই সাফল্যের বীজটি রোপিত হয়েছিল কলকাতার মধ্যবিত্ত এক পরিবারের অত্যন্ত সাধারণ এক পরিবেশে। ছোটবেলা থেকেই অঙ্কের ধাঁধা সমাধান করা এবং সংখ্যার জগতের রহস্য খোঁজা ছিল নীনা গুপ্তার প্রিয় নেশা। তাঁর বাবা-মা দুজনেরই গণিতের প্রতি বিশেষ অনুরাগ ছিল। বিশেষ করে তাঁর মা গণিত চর্চাকে কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে একটি আনন্দদায়ক শখ বা ‘হবি’ হিসেবে দেখতে শিখিয়েছিলেন। মায়ের সেই উৎসাহ ও সমর্থনই ছোট্ট নীনার মনে প্রশ্ন করার সাহস জুগিয়েছিল। প্রচলিত নিয়ম বা সূত্রকে অন্ধভাবে মেনে না নিয়ে ‘কেন এমন হয়’—এই অনুসন্ধিৎসু মানসিকতাই পরবর্তীকালে তাঁকে প্রতিষ্ঠিত গাণিতিক ধারণাকে চ্যালেঞ্জ করার শক্তি দেয়।
কলকাতার খ্যাতনামা বেথুন কলেজ (Bethune College) থেকে ২০০৬ সালে গণিতে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন নীনা। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (ISI)। এখানেই তিনি বিষয়টির প্রতি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়েন এবং আর কখনও পিছনে ফিরে তাকাননি। তাঁর ভাষায়, “গণিত তাঁর সবকিছু, তাঁর ঈশ্বর হয়ে উঠেছিল!”
আইএসআই থেকে ২০০৮ সালে গণিতে স্নাতকোত্তর এবং ২০১১ সালে অধ্যাপক অমর্ত্য কুমার দত্তের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, স্নাতকোত্তর স্তরে পড়ার সময় ক্লাসে তিনিই ছিলেন একমাত্র ছাত্রী। সেই প্রতিকূলতা বা একাকিত্ব তাঁকে দিয়ে রাখতে পারেনি, বরং নিজের লক্ষ্যপূরণে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছিল। পিএইচডি শেষ করার পর তিনি নিজের প্রিয় প্রতিষ্ঠান আইএসআই কলকাতাতেই অধ্যাপনা ও গবেষণার কাজে যুক্ত হন।
জারিস্কি ক্যানসেলেশন সমস্যার সমাধানের পর থেকে দেশ ও বিদেশের অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক নীনা গুপ্তা।জারিস্কি সমস্যার সমাধানের বছরেই ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি ২০১৪ সালে তাঁকে ইনসা ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ পেয়েছিলেন ২০১৯ সালে। দেশের সর্বকনিষ্ঠ গণিতবিদদের একজন হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ২০২১ সালে উন্নয়নশীল দেশের তরুণ গণিতবিদদের জন্য প্রদত্ত আন্তর্জাতিক DST-ICTP-IMU রামানুজন পুরস্কার লাভ করেন নীনা। এই পুরস্কারটি নীনার জন্য ছিল এক অসাধারণ সম্মান, কারণ তিনি ছিলেন এই পুরস্কার বিজয়ী চতুর্থ ভারতীয় এবং তৃতীয় নারী।২০০৫ সাল থেকে রামানুজন পুরস্কার দেওয়া শুরু হয়। আন্তর্জাতিক গণিত ইউনিয়ন (আইএমইউ) ও ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে যৌথ ভাবে এই পুরস্কার দেয় ইটালির আব্দুস সালাম আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যা কেন্দ্র (আইসিটিপি)। পুরস্কার পাওয়ার পরে ,তিনি বলেছিলেন, “এটি আমার প্রথম আন্তর্জাতিক পুরস্কার, এবং আমি আনন্দিত যে আমি আমার দেশকে গর্বিত করতে পেরেছি। আমি এই পুরস্কার প্রাপ্ত চতুর্থ ভারতীয়। মানুষ আমাদের ভারতীয় হিসেবে চেনে, আমরা রামানুজনের দেশ থেকে এসেছি এবং তার নামে একটি পুরস্কার জেতা খুবই বিশেষ একটি ব্যাপার। ”
২০২২ সালে আন্তর্জাতিক নারী দিবসে ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক নারী সম্মান ‘নারী শক্তি পুরস্কার’ প্রদান করা হয়। একই বছরে তিনি ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ ম্যাথমেটিশিয়ান্স (ICM)-এ বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পান।বীজগাণিতিক জ্যামিতি ও কমিউটেটিভ অ্যালজেব্রায় অসামান্য অবদানের জন্য ২০২৪ সালে তাঁকে মর্যাদাপূর্ণ ইনফোসিস প্রাইজ ইন ম্যাথমেটিক্যাল সায়েন্সেস প্রদান করা হয়। ২০২৫ সালে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্সের যৌথ উদ্যোগে আয়োজিত ৪৪তম মর্যাদাপূর্ণ ‘এমি নোথার লেকচার’ প্রদান করার বিরল সম্মান অর্জন করেন তিনি।
টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’ তালিকায় তার অন্তর্ভুক্তি সেই দীর্ঘ সাফল্যের ধারাবাহিকতারই অংশ।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—অর্থাৎ ‘স্টেম’ (STEM) ক্ষেত্রগুলোতে বিশ্বজুড়েই নারীদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। বিশেষ করে বিশুদ্ধ গণিতের (Pure Mathematics) মতো বিমূর্ত ও জটিল গবেষণাক্ষেত্রে মহিলা গবেষকের সংখ্যা হাতেগোনা। এমন একটি প্রেক্ষাপটে কলকাতার সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নীনা গুপ্তার এই বিশ্বজয় ভারতীয় নারী সমাজের কাছে এক বিশাল অনুপ্রেরণা।
আন্তর্জাতিক স্তরের এই স্বীকৃতি বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রী ও তরুণ গবেষকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে। তা হলো, বড় কোনো বৈজ্ঞানিক বা গাণিতিক আবিষ্কারের জন্য কেবল প্রচলিত পথে হাঁটলেই চলবে না, কখনো কখনো সাহস করে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ধারণাকেও প্রশ্ন করতে হয়। ব্যর্থতার ভয় কাটিয়ে নিরলস ধৈর্য, কৌতূহল এবং যুক্তিবাদী মনন নিয়ে লেগে থাকলে যেকোনো অসম্ভবকেও সম্ভব করা যায়। নীনা গুপ্তার এই সাফল্য আগামী দিনে বাংলার তথা ভারতের অসংখ্য তরুণ-তরুণীকে মৌলিক বিজ্ঞান ও গণিত গবেষণায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে, এ কথা বলাই বাহুল্য। নীনা আজও তাঁর ছাত্রছাত্রীদের শেখাতে এবং তাদের কাছ থেকে শিখতে ভালোবাসেন। তিনি বলেন , “শেখা চালিয়ে যেতে হয়, কারণ এর কোনো শেষ নেই।” তিনি আরও বলেছেন,” আপনি ছেলে না মেয়ে, তাতে কিছু যায় আসে না; ঈশ্বর উভয়কেই সমান ক্ষমতা দিয়েছেন, আমাদের নিজেদের ক্ষমতাকে চিনতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সাফল্যের স্বাদ নিতে হবে, তা গণিত, মহাকাশ বিজ্ঞান, রান্না বা নার্সিং যাই হোক না কেন। নির্বাচিত ক্ষেত্রে পারদর্শী হতে হলে অনুরাগ এবং অধ্যবসায় থাকা উচিত। নিনা তার মাস্টার্স এবং পিএইচডি করার সময় একমাত্র ছাত্রী ছিলেন, কিন্তু তার দৃঢ় সংকল্প, বিষয়ের প্রতি ভালোবাসা এবং অসীম ধৈর্যই ছিল সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি। লিঙ্গের ভিত্তিতে কোনো পেশাকে গতানুগতিক ছাঁচে ফেলা যে ঠিক নয় সেটাই বারেবারে প্রমাণ করে চলেছেন এই বিদুষী নারী।

