নিউজিল্যান্ডের আক্রমণের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ ভারতীয় ফুটবল দলের। অকল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-৫ গোলে হারল খালিদ জামিলের দল। পাঁচ গোল হজম করলেও ব্যবধান আরও বাড়তে পারত। ভারতকে আরও বড় লজ্জার হাত থেকে বাঁচালেন গোলকিপার বিশাল কাইথ। একের পর এক আক্রমণ রুখে ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করলেন তিনি। এমনকী দ্বিতীয়ার্ধে পেনাল্টিও আটকে দিলেন।
ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণকে চাপে ফেলে নিউজিল্যান্ড। মাত্র ৫ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। বিজয় ভার্গিসের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ৩৪ মিনিটে জেসি র্যান্ডাল ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে নিজের দ্বিতীয় গোল করে ভারতীয় শিবিরের উদ্বেগ আরও বাড়িয়ে দেন তিনি। বিরতির সময় স্কোরলাইন ৩-০।
দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। ৫৭ মিনিটে অধিনায়ক ক্রিস উড হেডারে চতুর্থ গোল করেন। ৭৪ মিনিটে লাচলান বেলিসের দুরন্ত শটে আসে পঞ্চম গোল। আন্তর্জাতিক ফুটবলে এটিই ছিল তাঁর প্রথম গোল। নিউজিল্যান্ডের আক্রমণের সামনে ভারতীয় রক্ষণকে বারবার ছন্নছাড়া দেখিয়েছে। মাঝমাঠ থেকেও সেভাবে বলের জোগান মেলেনি। ফলে আক্রমণে ওঠার সুযোগই তৈরি করতে পারেনি ভারত।
তবে এই ম্যাচে ভারতের একমাত্র উজ্জ্বল মুখ কাইথ। ৭৭ মিনিটে আকাশ মিশ্রের হাতে বল লাগায় পেনাল্টি পায় নিউজিল্যান্ড। কিন্তু বিল তুইলোয়ামার শট আটকে দেন ভারতীয় গোলকিপার। তার আগেও একাধিক নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। অন্যদিকে, ভারতের আক্রমণ ছিল নিষ্প্রভ। মনবীর সিংয়ের একটি শট সহজেই আটকে দেন নিউজিল্যান্ডের গোলকিপার অ্যালেক্স পলসেন। লিস্টন কোলাসোর প্রচেষ্টাও কাজে আসেনি।
ফিফা ক্রমতালিকায় নিউজিল্যান্ড ৮৮ নম্বরে, ভারত ১৩৮। মাঠের পারফরম্যান্সেও দুই দলের ব্যবধান স্পষ্ট। বিশ্বকাপ খেলা দলগুলির বিরুদ্ধে সাম্প্রতিক চার ম্যাচে ১৬ গোল হজম করে মাত্র দু’টি গোল করেছে ভারত। এই হার ফের প্রশ্ন তুলে দিল জাতীয় দলের রক্ষণ এবং আক্রমণের প্রস্তুতি নিয়ে।

