নয়াদিল্লি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ এবং ১০১ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার দিল্লির রোহিণীর সমরসতা স্থলে আয়োজিত ‘রাষ্ট্র বন্দনম’ সমাবেশে সঙ্ঘের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, মাত্র ১৫ থেকে ২০ জন যুবককে নিয়ে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, এখন তা সম্ভবত বিশ্বের বৃহত্তম সংগঠনে পরিণত হয়েছে। সঙ্ঘের ১০০ বছর পূর্ণ করার এই ঐতিহাসিক মাইলফলক অর্জনে তিনি আরএসএস-কে অভিনন্দন জানান।
প্রাক্তন প্রধান বিচারপতি তাঁর ভাষণে বলেন, নিজেদের মূল আদর্শে অবিচল থাকার জন্য আরএসএস প্রশংসার দাবি রাখে। ইতিহাসের পাতায় প্রমাণ রয়েছে যে, দেশের প্রতিটি সংকটের মুহূর্তে স্বয়ংসেবকরা সবসময় সামনের সারিতে থেকে কাজ করেছেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় পাঞ্জাবে হিন্দু ও শিখদের আত্মরক্ষা, ত্রাণ শিবির পরিচালনা এবং তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বয়ংসেবকরা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
১৯৮৪ সালের দিল্লির শিখ বিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে বিচারপতি খেহর বলেন, আরএসএস-এর প্রামাণ্য নথিতে উল্লেখ রয়েছে যে সেই সময় স্বয়ংসেবকরা শিখ পরিবারগুলিকে রক্ষা করতে এবং বিপদগ্রস্ত পাড়াগুলিতে পাহারা দিতে সক্রিয়ভাবে এগিয়ে এসেছিলেন। প্রখ্যাত লেখক ও ঐতিহাসিক খুশবন্ত সিংও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছিলেন। তৎকালীন শাসক দলের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও খুশবন্ত সিং শিখদের প্রাণরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আরএসএস-কে কৃতিত্ব দিয়েছিলেন— যা তাঁর নিজের বিশ্বাসেরও প্রতিফলন বলে উল্লেখ করেন প্রাক্তন প্রধান বিচারপতি। উল্লেখ্য, সঙ্ঘ প্রতিষ্ঠার ১০১ বছর পূর্তি উপলক্ষে আরএসএস-এর দিল্লি শাখার উদ্যোগে এই ‘রাষ্ট্র বন্দনম’ সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরসঙ্ঘচালক মোহন ভাগবতও ভাষণ দেবেন।

