পূর্ব মেদিনীপুর : দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে হোটেলে ঢুকে গেল গাড়ি। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ির যাত্রীদের জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনায় নিরুপমা কোলে (৫৭) নামে এক পৌঢ়া পথচারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মানসী সিনেমা হলের সামনে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পৌঢ়াকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পৌঢ়ার। মৃতের নাম নিরুপমা কোলে। এর পরে ওই চারচাকা গাড়ি রাস্তার ধারের একটি ভাতের হোটেলে ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে।
নিহত নিরুপমা কোলে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময়েই কলকাতা থেকে দিঘার দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। সেই গাড়ির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন নিরুপমাকে। তার পরে গাড়িটি রাস্তার ধারের একটি ভাতের হোটেলে ঢুকে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক-সহ পাঁচজন। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের অস্থায়ী কর্মী নিরুপমার।

