নয়াদিল্লি : আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে ‘ডিলিমিটেশন বিল’ পেশ করা হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। শুক্রবার এই জল্পনার প্রসঙ্গে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সরাসরি কোনো বিলের নাম উল্লেখ না করে সাসপেন্স জিইয়ে রাখলেন।
তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন অধিবেশনে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা বিল পেশ করতে চলেছে এবং সমস্ত সাংসদের উচিত দায়িত্বশীলতার সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া।
শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিলিমিটেশন বিল সংক্রান্ত জল্পনা নিয়ে কিরেন রিজিজু বলেন, “অধিবেশনে কোন কোন নির্দিষ্ট বিল পেশ করা হবে, সে বিষয়ে আমি পরে বিস্তারিত জানাব। আপাতত আমি আপনাদের এটুকু জানাতে পারি যে, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সরকারি কাজকর্ম (বিল) নিয়ে আসছি এবং সমস্ত সাংসদেরই উচিত এতে গঠনমূলকভাবে অংশগ্রহণ করা।”
গণতন্ত্রের মর্যাদা রক্ষার বার্তা দিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী আরও বলেন, “গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে—ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এবং অত্যন্ত দায়িত্ববোধের সঙ্গে সংসদের এই অধিবেশনগুলি পরিচালনা করা আমাদের সকলের কর্তব্য।”

