রাজস্থানের কাছে হার বাংলার! স্বপ্নভঙ্গ অভিমন্যুদের

এক ম্যাচেই বদলে গেল ছবিটা! আগের ম্যাচে কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমারদের শক্তিশালী উত্তরপ্রদেশকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলা। তাই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৃহস্পতিবারের ডু অর ডাই ম্যাচে লক্ষ্মীরতনের ছেলেদের নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচেই ছন্দপতন। রাজস্থানের কাছে ছয় উইকেটে হেরে গেল অভিমন্যু ঈশ্বরণের বাংলা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে বাংলা। জবাবে ১৬.৪ ওভারেই চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান।
বাংলার হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেন শাকির হাবিব গান্ধী। ৪৩ বলে চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬৯ রান করেন তিনি। করণ লালের সংগ্রহ ২৮। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ২৬ রান। তবে অভিষেক পোড়েল, আদিত্য পুরোহিতরা ব্যর্থ হওয়ায় বড় রান তুলতে পারেনি বাংলা। রাজস্থানের দীপক চাহার ১৩ রান দিয়ে তিনটি উইকেট নেন।
জবাবে রাজস্থানের শুরুটা ভালো হয়নি। মুকেশ কুমার ও সায়ন ঘোষ দু’টি করে উইকেট তুলে নেন। কিন্তু বাংলার বোলারদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেন মহীপাল লোমরর ও অভিজিৎ তোমর। লোমরর ৩৫ বলে ৭৪ এবং তোমর ৫২ বলে অপরাজিত ৭৪ রান করেন। তাঁদের দাপুটে ব্যাটিংয়েই সহজ জয় পায় রাজস্থান।
এবারের প্রতিযোগিতায় ছয় ম্যাচে চারটি জয় পেয়েছে বাংলা। কর্ণাটক ও বরোদার কাছে হারলেও চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মিজোরাম এবং উত্তরপ্রদেশকে হারিয়েছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *