কলকাতা : ঘরে ঘরে গো-পালনের রীতি ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে এক বার্তায় তিনি জানান, “বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, ভারতচন্দ্র রায় গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে মাঝি ঈশ্বরী পাটনির প্রার্থনাতে ফুটে উঠেছিল সেই বিখ্যাত আর্তি – ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’।
অর্থাৎ সন্তানকে পরিপূর্ণ পুষ্টিযুক্ত খাদ্য ‘দুধভাত’ দিতে হলে গরু পালন আবশ্যক। এক সময়ে গোয়ালঘরে গোমাতা ছাড়া বাঙালি ভাবতেই পারতো না গ্রাম বাংলার ‘সুন্দর গৃহ’।
গোবরসার ছাড়া চাষবাস কল্পনা করা সম্ভব ছিল না। প্রকৃতির বিরুদ্ধে রাসায়নিক পদার্থ ব্যবহার করে চাষাবাদ করতে গিয়ে হয়েছে অপূরণীয় ক্ষতি। স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে, শরীরে বেঁধেছে নানান রোগ ব্যাধি, আবার চাষের জমির গুণমান নষ্ট হয়েছে। কৃষি কার্যে আবার আমরা আজ জৈবচাষের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছি।
আজ জাতীয় দুগ্ধ দিবস। প্রতি বছর ২৬ শে নভেম্বর, ভারতের “শ্বেত বিপ্লবের জনক” ড. ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়।
আজ আমাদের গ্রাম বাংলায় যুগ যুগ ধরে ঘরে-ঘরে গো-পালনের রীতি ফিরিয়ে আনতে হবে, আবার সামগ্রিক কৃষির ক্ষেত্রে গোবরসারের ভূমিকা অত্যাবশ্যক করে তুলতে হবে। যাতে সকলের সন্তান-সন্ততি যেন দুধে ভাতে থাকতে পারে, আমাদের ফসল যেন বিষের প্রভাব থেকে মুক্ত হতে পারে।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারও গো-পালন এবং গোমাতা সংরক্ষণের জন্য সদর্থক ভূমিকা পালন করতে উদ্যোগী হয়েছে। নানান প্রকল্প চালু করা হচ্ছে, গোশালা রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। আশা করছি যে পশ্চিমবঙ্গের জনগণ এই বিষয়ে সরকারের সহযোগিতা করবেন।”

