সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের ধারায় ছেদ পড়ল বাংলার। টানা তিন ম্যাচ জিতে ছন্দে ফিরেছিল অভিমন্যু ঈশ্বরণের দল। কিন্তু বরোদার বিরুদ্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখা গেল না। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চার উইকেটে হারল বাংলা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছিল তারা। জবাবে ১৮.৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বরোদা।
বাংলার হয়ে দুরন্ত ব্যাটিং করেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ৪৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ১০টি চার ও দু’টি ছক্কা। অভিষেক পোড়েল করেন ২৯ রান। শাকির হাবিব গান্ধীর অবদান ২৬। শেষ দিকে ঋষভ চৌধুরীর ১৬ বলে অপরাজিত ২২ রান বাংলাকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়।
জবাবে বরোদার ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা নেন জিতেশ শর্মা। মাত্র ২৯ বলে ৫৪ রান করে ম্যাচের রং বদলে দেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার ও তিনটি ছক্কা। শশাঙ্ক রাওয়াতও ৩৫ বলে ৫১ রান করে বরোদার জয়ের ভিত গড়ে দেন। শিবালিক শর্মার ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বাংলার হয়ে সায়ন ঘোষ চার ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। মহম্মদ শামি ও মুকেশ কুমার পান একটি করে উইকেট। তবে জিতেশের আক্রমণ থামানো সম্ভব হয়নি।
প্রথম ম্যাচে হারের পর পরপর তিনটি জয় পেয়েছিল বাংলা। বরোদার কাছে এই হার তাই কিছুটা অস্বস্তির। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ফের জয়ের পথে ফিরতে চাইবে লক্ষ্মীরতনের ছাত্ররা।

