ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে ঝুঁকি নয় বাগানে, চার্চিল ম্যাচেই ফিরছেন ম্যাকলারেন!

ডার্বির আগে একদিকে চোটের ধাক্কা সামলে সেরা দল গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, অন্যদিকে গুরুত্বপূর্ণ ফুটবলারদের নিয়ে বাড়তি সতর্কতা। সব মিলিয়ে বেশ হিসেব কষেই এগোতে চাইছেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। মাঝের দীর্ঘ বিরতিতে দলের একাধিক চোট পাওয়া ফুটবলার সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা ছিল সবুজ-মেরুন শিবিরের। সেই তালিকায় ছিলেন আপুইয়া, মিগুয়েল এবং জেমি ম্যাকলারেন। প্রত্যাশামতোই আপুইয়া চোট সারিয়ে ফিরেছেন। তবে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েলকে নিয়ে এখনই কোনও ঝুঁকি নিতে রাজি নন গ্রিক কোচ। ফলে রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে তাঁকে ছাড়াই নামবে মোহনবাগান। অন্যদিকে স্বস্তির খবর, চোট কাটিয়ে এই ম্যাচেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে দলের অন্যতম প্রধান গোলমেশিন জেমি ম্যাকলারেনের।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ম্যাকলারেনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে বড় স্বস্তি মোহনবাগান শিবিরে। সাম্প্রতিক ম্যাচগুলিতে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও সেগুলিকে কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুনের আক্রমণভাগ। কখনও ফিনিশিংয়ের অভাব, কখনও আবার শেষ মুহূর্তে ভুল সিদ্ধান্তের কারণে পয়েন্ট নষ্ট করতে হয়েছে দলকে। এমন পরিস্থিতিতে ম্যাকলারেনের মতো অভিজ্ঞ স্ট্রাইকারের ফিরে আসা আক্রমণে নতুন ধার যোগ করতে পারে। চার্চিল ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছেন অস্ট্রেলীয় তারকা। যা প্রমাণ করে, গোলের মধ্যে ফেরার জন্য কতটা মরিয়া তিনি। তাঁর এই ছন্দ প্রতিযোগিতামূলক ম্যাচেও বজায় থাকুক, সেটাই চাইবেন কোচ।

তবে ম্যাকলারেন ফিরলেও মিগুয়েলকে নিয়ে এখনই কোনও তাড়াহুড়ো করতে চাইছেন না দিলেমপেরিস। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চার্চিল ম্যাচে ব্রাজিলীয় মিডফিল্ডারকে পাওয়া যাবে না। তাঁর কথায়, “চার্চিল ম্যাচে ও খেলবে না। আসলে কোনও রকম ঝুঁকি নিতে চাইছি না। আমার বিশ্বাস আগামী সপ্তাহ থেকে অনুশীলনে ওকে একশো শতাংশ ফিট পাব।” অর্থাৎ, আগামী কয়েক দিনের মধ্যে মিগুয়েল পুরোপুরি সুস্থ হয়ে উঠলে প্রথম লেগের ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। বড় ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ফুটবলারকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়াই এখন কোচের প্রধান লক্ষ্য।

এদিকে আপুইয়ার প্রত্যাবর্তনও বাগান শিবিরের কাছে বড় স্বস্তি। মাঝের বিরতিতে চোটের সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই ভারতীয় মিডফিল্ডার। শুধু তাই নয়, দীর্ঘদিন চোট নিয়ে খেলা এরউইনকেও সুস্থ করে তোলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কোচ। দিলেমপেরিসের বক্তব্য, “এই বিরতিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। চোটের সমস্যায় থাকা বেশ কয়েকজন ফুটবলারকে সুস্থ করে তোলার সুযোগ পেয়েছি। আপুইয়া সুস্থ হয়ে উঠেছে। পাশাপাশি দীর্ঘদিন চোট নিয়ে খেলে যাওয়া এরউইনকে সুস্থ করে তোলা গিয়েছে। মিগুয়েলকেও অনেকটা সুস্থ।” অর্থাৎ, চোটের কারণে যে সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগানকে, বিরতির সুযোগ কাজে লাগিয়ে তা অনেকটাই সামাল দেওয়া গিয়েছে।

তবে ডার্বির আগে কোচের মাথাব্যথার আরেকটি কারণ আলবার্তো রডরিগেজ। ইতিমধ্যেই তিনটি হলুদ কার্ড দেখে ফেলেছেন স্পেনীয় ডিফেন্ডার। চার্চিল ম্যাচে আরও একটি হলুদ কার্ড দেখলেই ডার্বিতে তাঁকে পাওয়া যাবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গুরুত্বপূর্ণ ডার্বির কথা মাথায় রেখে চার্চিলের বিরুদ্ধে কি আলবার্তোকে বিশ্রাম দিতে পারেন দিলেমপেরিস? যদিও এই সম্ভাবনায় বিশেষ সিলমোহর দিতে চাননি বাগান কোচ। তাঁর সাফ বক্তব্য, “এই মুহূর্তে আমার মাথায় শুধুই চার্চিল ম্যাচ। অন্য কোনও ম্যাচ নিয়ে ভাবছি না।” কোচের এই মন্তব্য থেকে ইঙ্গিত, চার্চিলের বিরুদ্ধে প্রথম একাদশে আলবার্তোকে রাখার সম্ভাবনাই বেশি। কারণ, ডার্বির আগে কোনও ম্যাচকেই হালকাভাবে নিতে চাইছে না সবুজ-মেরুন শিবির।

অন্যদিকে সাফ চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্সের পর মোহনবাগানের তরুণ ফুটবলার সুহেল ভাটকেও ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন তিনি। কিন্তু তারকা ফুটবলারদের ভিড়ে মোহনবাগানের আক্রমণভাগে কতটা নিয়মিত সুযোগ পাবেন সুহেল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও তরুণ স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন দিলেমপেরিস। তাঁর কথায়, “ও আমাদের দলের এক গুরুত্বপূর্ণ সদস্য। আমার কোচিংয়ে ও অন্য অনেক ফুটবলারের চেয়ে বেশি সুযোগ পেয়েছে।” অর্থাৎ, ভবিষ্যতেও সুহেলকে পরিকল্পনার বাইরে রাখছেন না কোচ।

চার্চিল ম্যাচকে সামনে রেখে মোহনবাগানের লক্ষ্য পরিষ্কার। একদিকে জয়ের ধারায় ফেরা, অন্যদিকে ডার্বির আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোটমুক্ত রাখা। ম্যাকলারেনের প্রত্যাবর্তন, আপুইয়ার ফিটনেস এবং মিগুয়েলের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা সবকিছুই ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তবে ডার্বির প্রস্তুতির আগে চার্চিলের বিরুদ্ধে কোনও অঘটন ঘটাতে চাইবেন না দিলেমপেরিস। কারণ, বড় ম্যাচের আত্মবিশ্বাস তৈরি করতে হলে রবিবারের লড়াইয়েও তিন পয়েন্ট চাই মোহনবাগানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *