১৯টি রেল প্রকল্পের তালিকায় নেই ঘাটাল মহকুমা! ফের রেলপথের দাবিতে সরব। চন্দ্রকোনা-ঘাটাল নাগরিক উন্নয়ন কমিটি

সুমন মণ্ডল,ঘাটাল : সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাক্ষাতের পর রাজ্যের ১৯টি রেল প্রকল্পের জট কাটিয়ে সেগুলির বাস্তবায়নের কাজ শুরু করার উদ্যোগ সামনে এসেছে। তবে প্রথম পর্যায়ের এই প্রকল্পগুলির তালিকায় জায়গা হয়নি ঘাটাল মহকুমার।

আর তাতেই নতুন করে রেলপথের দাবিতে সরব হয়েছে চন্দ্রকোনা-ঘাটাল রেলপথ নাগরিক উন্নয়ন কমিটি।দীর্ঘদিন ধরেই পাঁশকুড়া থেকে ঘাটাল, ঘাটাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ, চন্দ্রকোনা টাউন থেকে চন্দ্রকোনা রোড এবং চন্দ্রকোনা থেকে ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহবনী পর্যন্ত রেলপথের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এই কমিটি।

শুধু রাস্তায় নেমে আন্দোলনই নয়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে ইমেলের মাধ্যমে একাধিকবার চিঠি পাঠিয়েও নিজেদের দাবির কথা জানিয়েছেন তাঁরা।
বর্তমানে রাজ্যের ১৯টি রেল প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি জোরকদমে চললেও ঘাটাল মহকুমা কেন প্রথম পর্যায়ে বঞ্চিত, সেই প্রশ্নই তুলছে নাগরিক উন্নয়ন কমিটি। চন্দ্রকোনা-ঘাটাল রেলপথ নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সমীর কুমার ঘোষ জানান,” আমরা আশাবাদী আগামী কেন্দ্রীয় রেল বাজেটে ঘাটাল মহকুমার দীর্ঘদিনের রেলপথের দাবি পূরণে বিশেষ উদ্যোগ নেবে কেন্দ্রীয় সরকার।

ঘাটাল মহকুমার মানুষের যাতায়াতের সুবিধা ও সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে প্রস্তাবিত রেল প্রকল্পগুলির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হবে বলে আমরা প্রত্যাশা করছি। এবার বাজেটে ঘাটালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে, এমনটাই আশা আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *