বোলপুর : ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার হলেন নানুরের তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। পুলিশ সূত্রে খবর, বীরভূম জেলায় রাজনৈতিক সন্ত্রাস-সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তাঁর বিরুদ্ধে মোট ৩২টি মামলা রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় তাঁকে আটক করে নানুর থানার পুলিশ। এরপর থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শনিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।
রবিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিভিন্ন মামলার সঙ্গে তাঁর যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিন সকালে আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল কেরিম খান বলেন, “যা বলার পুলিশ বলতে পারবে।” তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

