দক্ষিণ ২৪ পরগনা : জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ। দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে একটি বহুতল বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে জেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বহুতল জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের| বুধবার সকালে প্রশাসনিক আধিকারিক ও পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে পৌঁছন আধিকারিকরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিডিও-সহ প্রশাসনের পদস্থ কর্তারা। বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় পরিদর্শন ও ভাঙার প্রস্তুতি। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশাসন সূত্রে খবর, জাহাঙ্গীর খানের নামে এবং বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ, সরকারি জমি দখল করে একাধিক জায়গায় বেআইনি নির্মাণ করেছেন তিনি। সেই সমস্ত নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি নির্দেশ মেনেই শ্রীরামপুরের ওই বহুতল বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে জমি দখল এবং বেআইনি সম্পত্তি তৈরির একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই সামনে এসেছে। বর্তমানে তিনি জেলবন্দি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের মধ্যেই এবার সরাসরি নির্মাণ ভাঙার কাজে নামল জেলা প্রশাসন।
এ দিন সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সতর্ক ছিলেন পুলিশ আধিকারিকরা। প্রশাসনের এই অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে জাহাঙ্গীর খানের নামে বা বেনামে থাকা অন্য কোনও বেআইনি নির্মাণের বিরুদ্ধেও প্রশাসন পদক্ষেপ করে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।

