বায়ুদূষণ নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার উদ্যোগ, জানালেন অগ্নিমিত্রা

কলকাতা : “কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবং শহরের পরিবেশকে আরও নির্মল রাখতে কলকাতা পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষত যে সমস্ত এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) তুলনামূলকভাবে বেশি, সেখানে নিয়মিত ওয়াটার মিস্ট স্প্রে করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ কমাতে এবং একিউআই কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য মিলছে।” রবিবার সমাজ মাধ্যমে এ কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল|

তিনি এ দিন সমাজ মাধ্যমে লেখেন, “কয়েকদিন আগে লন্ডন সফরে গিয়ে দেখেছি, সেখানকার বেশ কিছু জায়গায় একিউআই ১০-এর নিচে, এমনকী কোথাও কোথাও ১-এর কাছাকাছি! যা সত্যিই বিস্ময়কর। অথচ কলকাতায় বছরের অধিকাংশ সময় একিউআই ২০০-এর নিচে নামতে দেখা যায় না। এই পরিস্থিতি আমাদের সকলের স্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়।

তাই শহরের বাতাসকে আরও পরিচ্ছন্ন রাখতে আমরা আমাদের সাধ্যমতো নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এরই সঙ্গে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কালীপুজো-সহ বিভিন্ন বিশেষ উৎসব ও অনুষ্ঠানের দিনগুলিতে ওয়াটার মিস্ট-এর সঙ্গে রোজ ওয়াটার মিশিয়ে স্প্রে করা হবে। এর ফলে একদিকে যেমন বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণে আসবে, অন্যদিকে গোটা পরিবেশে ছড়িয়ে পড়বে গোলাপজলের মনোরম সুগন্ধ।

পরিচ্ছন্ন, নির্মল ও সুগন্ধময় কলকাতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শহরকে আরও বাসযোগ্য করে তুলতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আমাদের কলকাতা, আমাদের দায়িত্ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 7 =