কালীপুজো ও দীপাবলিতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা : কালীপুজো ও দীপাবলির শুভক্ষণে সীমান্তরক্ষী ও নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিজের সমাজমাধ্যমের পোস্টে তিনি জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন তিনি। পাশাপাশি কলকাতা বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ জওয়ান ও পুলিশকর্মীদের সঙ্গেও উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

পোস্টে শুভেন্দু অধিকারী জানান, জওয়ানদের সঙ্গে প্রদীপ জ্বালানো, মিষ্টি বিতরণ এবং উৎসবের শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তগুলি তাঁর কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। তিনি লেখেন, দেশের মানুষ যখন পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান ও পুলিশকর্মীরা দিনরাত নিজেদের কর্তব্যে অবিচল থাকেন। তাঁদের ত্যাগ ও নিষ্ঠাই দেশের শান্তি, নিরাপত্তা এবং সুরক্ষার অন্যতম ভিত্তি।

সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ান থেকে শুরু করে নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।

দেশের সীমান্ত সুরক্ষিত রাখা এবং নাগরিকদের নিরাপদ রাখার কাজে যাঁরা নিরলস দায়িত্ব পালন করছেন, তাঁদের প্রত্যেককে তিনি কুর্নিশ জানাচ্ছেন।

শেষে মা কালীর কাছে প্রার্থনা জানিয়ে শুভেন্দু অধিকারী লেখেন, দেবীর আশীর্বাদে জওয়ান ও সাধারণ নাগরিকদের জীবন সুখ, শক্তি, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =