সেনার ভুয়ো কর্নেল সেজে প্রতারণা, নবগ্রামে ধৃত সাগরদিঘির যুবক

নবগ্রাম : সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা তরুণ দাস। সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কলকাতা আর্মি ইন্টেলিজেন্স ও নবগ্রাম থানার পুলিশের যৌথ অভিযানে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে মিলিটারি ইন্টেলিজেন্সের পদস্থ কর্তা বলে পরিচয় দিতেন। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সেনাবাহিনীর পোশাক পরার পাশাপাশি ব্যবহার করতেন ভুয়ো পরিচয়পত্র। বেশ কিছু দিন ধরেই তাঁর গতিবিধির উপরে নজর রাখছিল কলকাতা আর্মি ইন্টেলিজেন্স। নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর নবগ্রাম থানার পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তের কাছ থেকে একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িটিতে ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা স্টিকার লাগানো ছিল। এ ছাড়াও তল্লাশি চালিয়ে তিনটি ওয়াকিটকি, একাধিক মোবাইল ফোন, ভুয়ো পরিচয়পত্র, সন্দেহজনক নথিপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।

এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =