সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কলকাতা পুলিশের সমন, দুটি পৃথক থানায় হাজিরার নোটিশ

কলকাতা : মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (সিপিএম) প্রবীণ নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দুটি আলাদা থানায় হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ। গরফা ও কসবা থানার পক্ষ থেকে তাঁকে ১৩ এবং ১৪ অক্টোবর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই নোটিশ সম্পর্কে সোমবার সকালে তাঁর প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলেও, তাঁর তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ই এম বাইপাসের কাছে পূর্বলোক এলাকায় সিপিআই (এম) নেতার বাসভবনে সাম্প্রতিক হামলার পরপরই এই পুরো ঘটনা ঘটে। অভিযোগ, গত সপ্তাহে সকালের দিকে কিছু অজ্ঞাতপরিচয় যুবক মুখ ঢেকে এবং তাদের বাইকের নম্বর প্লেট কালো কাপড় দিয়ে ঢেকে তাঁর বাড়ির সামনে আসে| আবাসনে পাথর ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেয়। এই ঘটনার পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে দাবি করেছিলেন যে, এই সুপরিকল্পিত হামলার পিছনে ‘হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা’ জড়িত রয়েছে।

সিপিএম নেতার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন যে, কাউকে রাজ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। তিনি জানান, পুলিশ এই ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে, কিন্তু তা সত্ত্বেও বিকাশ বাবুর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গোটা হিন্দু সম্প্রদায়কে নিশানা করে এ ধরনের অভিযোগ তোলা অত্যন্ত আপত্তিকর।

মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছিলেন, এ ধরনের অপপ্রচারকে বরদাস্ত করা হবে না এবং এমন ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এর পরেই পুলিশ তাঁকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =