কলকাতা : বিলবোর্ড কাণ্ডে ফের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। রবিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়িতে নোটিস দিতে পৌঁছয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি হয়, পুরকর্মীদের মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলাতেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সূত্রের খবর, সোমবার সকাল ১০টা নাগাদ তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে অবৈধ বিলবোর্ড সরাতে গিয়ে পুরকর্মীরা বাধা পান। অভিযোগ, হেনস্থা করা হয় পুলিশকর্মীদেরও। এমনকী, মহিলা পুলিশকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। সেই ঘটনায় তিনটি মামলা রুজু হয় শেক্সপিয়র সরণি থানায়।

