নিজস্ব প্রতিবেদন: আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে হারের পর সেমিফাইনালে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই হারের পর দুর্দান্ত কামব্যাক ইস্টবেঙ্গলের। পিছিয়ে পড়া লাল-হলুদ শিবির বরাবরই ভয়ঙ্কর, তার প্রমাণ মিলল আরও একবার। আইএফএ শিল্ডের সেমিফাইনালে ৭-২ গোলের বড় ব্যবধানে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারাল লাল-হলুদ ব্রিগেড। সৌজন্যে ডেভিড লালহানসাঙ্গার হ্যাটট্রিক। একটি করে গোল করেন ইকোনমিডিস, রোহিত কুমার, একে লোবা ও লুকাস। গতকালই মোহনবাগান পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শিল্ড ফাইনালে ডার্বিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
ম্যাচের ২ মিনিটেই ইস্টবেঙ্গলের ডিফেন্ডার জিভুলিচের মিস পাস থেকে সুযোগ কাজিয়ে লাগিয়ে এগিয়ে যায় নর্থইস্ট। গোল করেন আলাদিন আজারাই। ৬ মিনিটে আবারও সুযোগ হাইল্যান্ডার্সদের। আলাদিনের থেকে বল পেয়ে জিতিন বক্সে ঢুকে যান, তবে ইস্টবেঙ্গল রক্ষণের শেষ প্রহরী লাচিনপাকে ভেদ করে গোল করতে ব্যর্থ তিনি। ১১ মিনিটে আলাদিন পাস বাড়িয়ে দেন এথিয়ানকে। সেখান থেকে জিতিনকে পাস দিতে গিয়ে লাচিনপার হাতে জমা পড়ে বল। ১১ মিনিটে ব্যবধান ১-১ করে লাল-হলুদ ব্রিগেড। ডানদিক থেকে ইকোনমিডিসের ক্রস থেকে সু্যোগ সন্ধানী ডেভিডের হেডে গোল। ২৪ মিনিটে দানির ক্রস থেকে রোহিত কুমারের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ২৯ মিনিটে আবারও সুযোগ তৈরি করে ডেভিড। ইকোনমিডিসের থেকে ডেভিড বল পেয়ে যায়, রিদিম বক্সের ভিতরে ফাউল করেন ডেভিডকে। লাল-হলুদ ব্রিগেডের পেনাল্টির আবেদন হলেও রেফারি খেলা চালু রাখেন।
৪৪ মিনিট সন্দীপ মান্ডি থেকে বল পিভি বিষ্ণু পাস দেন ইকোনমিডিসকে। সুযোগের সদ্ব্যবহার করে গোল করে গেলেন তিনি। প্রতি আক্রমণ থেকে এই দুর্দান্ত গোল তাকিয়ে দেখলেন নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্ডাররা। ৪৬ মিনিটে পিভি বিষ্ণুর পা থেকে ডেভিডের গোল। ৫৬ মিনিটে ইকোনমিডিসের পাস থেকে ডেভিডের গোল। দুজনকে কাটিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন লাল-হলুদের মিজো তারকা। ৬০ মিনিটের পর নিজের দুই বিদেশি স্ট্রাইকারকে দেখে নিলেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। একে লোবা ও লুকাস দুজনেই গোল করে মন জয় করলেন লাল-হলুদ সমর্থকদের। ৮৪ মিনিটে আলাদিনের গোলে ব্যবধান কমিয়ে নেয় নর্থইস্ট। ৮৫ মিনিটে ডানদিক থেকে রশিদের ক্রস ডান পায়ের দুর্দান্ত শটে একে লোবার গোল। প্রথমবারের জন্য লাল-হলুদ জার্সিতে নেমে গোল করলেন লুকাসও।

