ইংরেজবাজারে দুষ্কৃতীদের তাণ্ডব: বাড়িতে ঢুকে কলকাতার ব্যবসায়ীকে গলা কেটে খুন

মালদা : দুষ্কৃতীদের নৃশংসতায় উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংরেজবাজার শহর। বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গলা কেটে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে শহরের গৌড় রোড সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম অর্ণব সেন ওরফে পল্টু (৬০)। তিনি মূলত কলকাতার যাদবপুরের বাসিন্দা হলেও মালদার এই বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার ঠিক আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবারই তিনি যাদবপুরের বাড়ি থেকে মালদার ইংরেজবাজারের এই বাড়িতে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডে চরম আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =