শুক্রবার কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে ভবানীপুর এফসির মুখোমুখি হয়েছিল৷ মোহনবাগানকে হারানো ভবানীপুর বর্তমানে লিগে গ্রুপ এ -এর টেবিল টপার। ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠে আটকে দিয়ে ১-১ গোলে ড্র করল ভবানীপুর।
ম্যাচের শুরু থেকেই দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলছিল। দুই দলই সুযোগ তৈরি করতে ব্যর্থ। ম্যাচের ২১ মিনিটে আকাশ হেমরামের শট ভবানীপুর গোলকিপার আদিত্য পাত্রর হাতে জমা পড়ে। ২৬ মিনিটে তন্ময়ের দূরপাল্লার শট পোস্টের উপর বেরিয়ে যায়। ২৯ মিনিটে আক্রমণে ভবানীপুর। ইয়েতলাং -এর পাস থেকে ওয়ান পাজুর শটও ব্যর্থ হয়। ৩৪ মিনিটে ইস্টবেঙ্গলের কেরালিয়ান ফরোয়ার্ড বিলালের শট আদিত্য পাত্র বাঁচিয়ে দেন। সেখান থেকে মনোতোষ মাজির শট ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ইস্টবেঙ্গলের তরফ থেকে পেনাল্টির জোড়ালো আবেদন উঠলেও নাকচ করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে নেমেই গোল করলেন ইস্টবেঙ্গল প্রাক্তনী শ্যামল বেসরা, বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দিলেন। ৫২ মিনিটে আনান্থুর গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। তিনিও বাঁপায়ের শটে দুর্দান্ত গোল করেন। ৭২ মিনিটে এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তবে বক্সের ভিতর আনান্থুর শট থেকে গোল হতে গিয়েও হল না। ৮০ মিনিটে বিজয় মূর্মূর ক্রস থেকে সঞ্জীব মন্ডলের সাইড ভলি পোস্টের উপর দিয়ে উড়িয়ে দিলেন। আবারও সুযোগ নষ্ট। ৮৮ মিনিটে তন্ময়ের কর্ণার থেকেও প্রায় গোল হয়ে যাচ্ছিল। একাধিক সুযোগ নষ্ট না করলে ইস্টবেঙ্গল হয়তো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলের ডাগআউটেই একাধিক কার্ড দেখালেন রেফারি। হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গল কোচ অর্চিস্মান বিশ্বাস এবং ভবানীপুরের কোচ রঞ্জন চৌধুরী। লাল কার্ড দেখেন ভবানীপুরের ফিজিও কুনাল ঘোষ।

