কেকেআর নয় , গুজরাতেই ফিরতে চায় হার্দিক !

আইপিএলের আগামী মরশুমকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মহলে জোর গুঞ্জন চলছিল, মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টসের নাম। তবে সব জল্পনার মাঝেই নতুন মোড় নিয়েছে হার্দিকের পুরনো দল গুজরাত টাইটান্সকে ঘিরে।
খবর অনুযায়ী, হার্দিক নাকি আবার গুজরাত টাইটান্সে ফিরতে আগ্রহী। কিন্তু এই প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অধিনায়কত্বের প্রশ্ন। সূত্রের দাবি, হার্দিকের শর্ত ছিল—গুজরাটে ফিরলে তাঁকেই দলের নেতৃত্ব দিতে হবে। বর্তমানে দলের অধিনায়ক শুভমান গিল, যিনি ভারতীয় ওয়ানডে ও টেস্ট দলেরও অধিনায়ক। ফলে গিলকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দেওয়ার বিষয়ে ফ্র্যাঞ্চাইজি শেষ পর্যন্ত রাজি হয়নি।
বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, গুজরাত টাইটান্স প্রথমে হার্দিককে ফেরানোর সম্ভাবনা নিয়ে ইতিবাচক ছিল। এমনকি বিষয়টি নিয়ে শুভমান গিলের সঙ্গেও আলোচনা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গিল নেতৃত্ব ছাড়তে আপত্তি করেননি। কিন্তু হার্দিকের পক্ষ থেকে অধিনায়কত্ব নিশ্চিত করার শর্ত সামনে আসতেই ফ্র্যাঞ্চাইজি সেই প্রস্তাব থেকে সরে আসে। তাদের মতে, শুধুমাত্র একজন ক্রিকেটারকে ফেরানোর জন্য নেতৃত্বে পরিবর্তন করা ঠিক হবে না।
অন্যদিকে, হার্দিক পাণ্ডিয়ার শিবির থেকে ভিন্ন বার্তা দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, হার্দিক কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেননি বা কোনও শর্তও দেননি। এই ধরনের ট্রেড বা দলবদলের সমস্ত বিষয় মুম্বই ইন্ডিয়ান্সই দেখভাল করছে। ফলে বাজারে যে নানা খবর ঘুরছে, তার অনেকটাই অনুমাননির্ভর বলেই দাবি করা হয়েছে।
এদিকে হার্দিককে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টসও পরিস্থিতির দিকে নজর রাখছে। অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডারের মতো একজন ম্যাচজয়ী ক্রিকেটারকে দলে পেলে যে কোনও দলের শক্তি অনেকটাই বাড়বে, তাই তাঁকে নিয়ে আগ্রহ থাকাটা স্বাভাবিক।
তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, মুম্বই ইন্ডিয়ান্স আদৌ হার্দিককে ট্রেড করতে চাইবে কি না। বিভিন্ন সূত্রের দাবি, মুম্বই আপাতত কোনও ট্রেড ডিলের বিষয়ে উৎসাহী নয়। তারা হার্দিককে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখতে চাইছে। ফলে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও বাস্তবে দলবদল সহজ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + sixteen =