কলকাতার মুকুটে নতুন পালক, শিয়ালিকের জীবাশ্ম সংগ্রহে আন্তর্জাতিক স্বীকৃতি

কলকাতা : মহানগরী কলকাতার মুকুটে নতুন পালক, শিয়ালিকের জীবাশ্ম সংগ্রহে মিলল আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক স্তরে এমন বৃহৎ স্বীকৃতি পেল ভারতের ভূতাত্ত্বিক ঐতিহ্য। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-র গ্যালারিতে সংরক্ষিত শিয়ালিক স্তন্যপায়ী জীবাশ্ম সংগ্রহকে ‘ আইইউজিএস জিও-কালেকশন’ হিসেবে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ভূবিজ্ঞান সংস্থা (আইইউজিএস)।

অধিকর্তা বর্ষা অশোক আগলাওয়ে এই প্রসঙ্গে জানিয়েছেন, – গত ২৬ জানুয়ারি কলম্বিয়ায় আইইউজিএস-এর ৮২তম এগ্জিকিউটিভ কমিটির বৈঠকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। মায়োসিন থেকে প্লাইস্টোসিন যুগ—বিভিন্ন সময়ের জীবাশ্ম রয়েছে এই সংগ্রহে। প্রাইমেট, মাংসাশী প্রাণী, ইঁদুরজাতীয় প্রাণী, ঘোড়া, হাতি, গণ্ডার, জিরাফ, হরিণ জাতীয় প্রাণী ও কুমির-সহ বহু প্রজাতির এখানে জীবাশ্মের সন্ধান মেলে।

প্রসঙ্গত , উনিশ ও বিশ শতকের গোড়ায় জিএসআই-এর অগ্রণী ভূতত্ত্ববিদ ও জীবাশ্মবিদেরা এই বিপুল সংগ্রহ গড়ে তুলেছিলেন। ভারতের পাশাপাশি পাকিস্তান, মায়ানমার-সহ শিয়ালিক অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত জীবাশ্মগুলি বিবর্তন, ভূস্তরবিদ্যা ও প্রাগৈতিহাসিক পরিবেশ গবেষণায় গুরুত্বপূর্ণ। জিএসআই-র এই স্বীকৃতি আন্তর্জাতিক গবেষণায় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জীবাশ্মগুলির সংরক্ষণ, নথিভুক্তকরণ ও ডিজিটাল সংরক্ষণেও নতুন গতি আনবে বলে সঙ্গত কারণেই ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nine =