কলকাতা : বিগত সরকারের আমলে প্রশাসনিক অতিসক্রিয়তা, পুলিশি অত্যাচার এবং সাধারণ মানুষের ওপর অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্র দফতরের একাধিক স্পর্শকাতর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জে রাজবংশী যুবক হত্যা, প্রাক্তন আইপিএস-কে হেনস্থা এবং ধর্মীয় অনুষ্ঠানে অসংবেদনশীল আচরণের মতো ঘটনায় যুক্ত থাকা একজন আইপিএস আধিকারিক-সহ একাধিক পুলিশকর্মীকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কালিয়াগঞ্জে যুবকের ওপর গুলিচালনা: বরখাস্ত এএসআই
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মণকে পুলিশি গুলিতে হত্যার ঘটনায় অভিযুক্ত কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে হেনস্থা: শাস্তির মুখে দুই পুলিশ কর্মকর্তা
রাজনৈতিক উদ্দেশ্যে প্রাক্তন আইপিএস আধিকারিক পঙ্কজ দত্তকে বড়তলা থানায় টেনে এনে টানা ১২ ঘণ্টা বসিয়ে রাখা এবং পানীয় জল না দেওয়ার অভিযোগে বড়তলা থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরী এবং তৎকালীন তদন্তকারী আধিকারিক এসআই সাধন দাস— দু’জনকেই বরখাস্ত করা হয়েছে।
ধর্মীয় অনুষ্ঠানে লাঠিচার্জ ও প্রতিমা অবমাননা: বরখাস্ত আইপিএস কোটেশ্বর রাও
কাকদ্বীপে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে নামা সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ এবং কালীর প্রতিমা প্রিজন ভ্যানে তোলার অভিযোগের মুখে পড়েন তৎকালীন পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাও। তাঁকে বরখাস্ত করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় ভক্তদের ওপর লাঠিচার্জ ও অশালীন মন্তব্যের অভিযোগে ইনস্পেক্টর অমলেন্দু বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, ক্ষমতায় এসে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এবং প্রশাসনিক সচ্ছতা রক্ষায় সরকার ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করবে না।

