ডিজে মামালায় আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে গরহাজির অভিষেক

কলকাতা : বুধবার দুপুর পেরিয়ে গেলেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হলেন না বিধাননগর আদালতে। এদিন ডিজে মামলায় সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ হয়েছিল। মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সেখানেও স্বস্তি পাননি তিনি। বিধাননগর আদালতের নির্দেশই বহাল ছিল কলকাতা হাই কোর্টে। সেই মতো এদিনই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সরকার পক্ষের বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, সিআইডির আধিকারিকেরা বুধবার আদালতে এলেও এদিন সাংসদের দেখা পাওয়া যায়নি।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটি জনসভায় অভিষেক বেফাঁস মন্তব্য করেছিলেন। অভিষেকের সেই মন্তব্যের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। আদালতের কাছে সাংসদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদন করা হয়।

সেই আবেদন মঞ্জুর করা হয়। বুধবার বিধাননগর আদালতে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু হাজিরা এড়ালেন অভিষেক। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 17 =